২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি শুরু

চারদফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

দিনাজপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রোগীর স্বজনের হাতে শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিত হওয়ায় সোমবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে জরুরি চিকিৎসা ছাড়া আর কোনো চিকিৎসা সেবায় অংশ নিচ্ছেন না শিক্ষানবিশ চিকিৎসকরা। তবে হাসপাতালের অন্য চিকিৎসকরা কাজ অব্যাহত রেখেছেন বলে ইন্টার্নি চিকিৎসক পরিষদ নোতারা জানিয়েছেন। তাদের চরদফা দাবিগুলো হলো চিকিৎসককে প্রহারের ঘটনায় দোষীদের শাস্তি, স্থায়ী পুলিশ বক্স স্থাপন, দুই জনের বেশি দর্শনার্থী প্রবেশ না করা এবং নিরাপত্তা বেষ্টনি নির্মাণ। ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. স্বাগত দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার মধ্যরাতে নূপুর আক্তার (২৪) নামের এক অন্তঃস্বত্বা নারীকে শ্বাসকষ্টের জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরই তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, রাত ২টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে রোগীর স্বজনসহ ১৫-২০ জন লোক ডা. মিলন ও ডা. বিপুলকে কর্তব্যে অবহেলার অভিযোগে মারধর করে। এতে আহত চিকিৎসক মিলনকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে চিকিৎসক নেতা জানান। নূপুর আক্তারের স্বামী লিটনের দাবি, রোগীর অসুস্থতা বেড়ে গেলে বিষয়টি ডা. মিলনকে জানাতে গেলে তিনিই প্রথম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ অবস্থায় অন্য রোগীর স্বজনরা এগিয়ে এসে তাদের আচরণের প্রতিবাদ জানায়। চিকিৎসককে মারধরের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৯ ঘ.