পার্লারের সেবা কক্ষে কোনো ক্যামেরা নয়: হাইকোর্ট
দেশের সব বিউটি পার্লারের সেবা কক্ষ থেকে সিসি ক্যামেরা অপসারণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব বিউটি পার্লারের সেবা কক্ষ থেকে সিসি ক্যামেরা অপসারণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পারসোনার সিসি ক্যামেরা 'কেলেঙ্কারি'র পর একটি রিট আবেদনে সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ সরকারের প্রতি এ নির্দেশ দেয়।
বিউটি পার্লারে সিসি ক্যামেরা স্থাপনের একটি নীতিমালা কেন তৈরি করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে। তথ্য, স্বরাষ্ট্র ও শ্রম সচিব এবং পুলিশ ও র্যাবের প্রধানকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে।
বাংলাদেশ হিউমেন রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান রিট সকালের আবেদনটি করেন।
যে স্থান থেকে এ আলোচনার সূত্রপাত, সেই পারসোনা কর্তৃপক্ষ অবশ্য সিসি ক্যামেরা না সরানোর পক্ষে অবস্থান নেয়।
গত ৩০ সেপ্টেম্বর রাতে বনানীর ১১ নম্বর সড়কের পারসোনা বিউটি পার্লারে 'স্পা' করাতে যান একজন নারী চিকিৎসক। সেখানে একটি কক্ষে তিনি পোশাক পরিবর্তনের পর সিসিটিভি দেখতে পান। খবর পেয়ে তার ব্যবসায়ী স্বামী ঘটনাস্থলে পৌঁছলে সেখানে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।
পরে পারসোনা কর্তৃপক্ষ ও ওই চিকিৎসকের স্বামী এক বিবৃতিতে ঘটনাটিকে 'ভুল বোঝাবুঝি' বলে আখ্যায়িত করেন।
এদিকে পারসোনার গোপন ক্যামেরার ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক ও ব্লগগুলোতে আলোচনা শুরু হলেও প্রতিষ্ঠানটি জানায়, তারা ক্যামেরা সরাবে না।
ওই ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। গুলশান অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিজামুল হক মোল্লাকে প্রধান করে গঠিত এই কমিটি এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি।
এদিকে পারসোনা থেকে ক্লোজড সার্কিট ক্যামেরা জব্দের ঘটনায় আলামত নষ্ট এবং দায়িত্বে অবহেলার অভিযোগে গুলশান থানার এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রিট আবেদনের আগে পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাসকে একটি লিগ্যাল নোটিসও পাঠিয়েছেন ঢাকা জজ আদালতের পাঁচ আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৫০ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
• পারসোনার কানিজ আলমাসকে লিগ্যাল নোটিস
• পারসোনার ঘটনায় পুলিশের এসআই বরখাস্ত
• ক্যামেরা সরাবে না পারসোনা
