ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিউটি পারলার পারসোনা থেকে ক্লোজড সার্কিট ক্যামেরা জব্দের ঘটনায় আলামত নষ্ট এবং দায়িত্বে অবহেলার অভিযোগে গুলশান থানার এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর রাতে বনানীর ১১ নম্বর সড়কের পারসোনা বিউটি পার্লারে 'স্পা' করাতে যান একজন নারী চিকিৎসক। সেখানে একটি কক্ষে তিনি পোশাক পরিবর্তনের পর সিসিটিভি দেখতে পান। খবর পেয়ে তার ব্যবসায়ী স্বামী ঘটনাস্থলে পৌঁছলে সেখানে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।
পরে গুলশান থানার উপ-পরিদর্শক মেহেদী মাসুদের উপস্থিতিতে তিনি পারসোনার কম্পিউটার হার্ডডিস্ক থেকে ভিডিও ফুটেজ নষ্ট করে দেন।
গুলশান অঞ্চলের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছান। তার উপস্থিতিতেই ভিডিও ফুটেজ নষ্ট করা হয়। এরকম একটি ঘটনার আলামত ঠিক রাখতে না পারার ব্যর্থতার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
এদিকে ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। গুলশান অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিজামুল হক মোল্লাকে প্রধান করে গঠিত এই কমিটিতে সহকারী কমিশনার মিজানুর রহমান ও সহকারী কমিশনার (পেট্রল) নুরুল আলমও রয়েছেন।
উপ-কমিশনার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারসোনার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল বলে বিষয়টি খতিয়ে দেখতে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটি সেদিনের ঘটনা, পুলিশের ভূমিকাসহ ক্যামেরা থাকার যৌক্তিকতা ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে।"
আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
পারসোনার বিভিন্ন কক্ষে গোপন ক্যামেরার ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক ও ব্লগগুলোতে আলোচনা শুরু হলেও প্রতিষ্ঠানটি জানায়, তারা ক্যামেরা সরাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/২২১০ ঘ.
bdnews24