নড়াইল, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার নড়াইলে পালিত হয়েছে বিশ্ববরেন্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১৭তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন এবং এসএম সুলতান ফাউন্ডেশন। কর্মসূচির অংশ হিসেবে সকালে শিল্পীর সমাধিতে ফুল দেওয়া, কোরআন পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরপর সুলতানের প্রতিষ্ঠা করা শিশুস্বর্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ অগাস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মেছের আলী পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রী। মায়ের নাম মাজু বিবি।
সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪৫০ ঘ.
bdnews24