২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠায় এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 08:55 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠায় এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার এ তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেছেন, সরকার এ 'দুর্নীতি' তদন্ত করবে। দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতু তৈরিতে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির অভিযোগ, এ প্রকল্পে দুর্নীতি হয়েছে। অর্থমন্ত্রী মুহিত বলেন, "পদ্মা সেতু নির্মাণে নদী শাসন, পরামর্শক নিয়োগ এবং প্রাক যোগ্যতা যাচাই নিয়ে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংক অভিযোগ করেছে। তারা আপাতত অর্থায়ন স্থগিত করেছে।" তদন্তের বিষয়ে তিনি বলেন, "পুরো বিষয়টি নিয়ে সরকার তদন্ত করবে। ইতোমধ্যে দুদক (দুর্নীতি দমন কমিশন) কাজ শুরু করেছ।" গত ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের ঋণচুক্তি হয়। ২০১৪ সালের জানুয়ারিতে বর্তমান সরকারের মেয়াদ শেষের আগেই পদ্মা সেতু নির্মাণের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিলো। কিন্তু বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করায় এ প্রকল্প সময় মতো বাস্তবায়ন জটিলতার মধ্যে পড়লো বলে সংশ্লিষ্টরা বলছেন। পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়। এ নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের দিকে অভিযোগের আঙুল থাকলেও ওই মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আবুল হোসেন দুর্নীতির অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। বিশ্বব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এ সেতু নির্মাণের জন্য। অর্থমন্ত্রী বলেন, "পদ্মা সেতু নিয়ে সরকার খুব শিগগিরই একটি বিবৃতি দেবে। আজই (সোমবার) দিতে চেয়েছিলাম। কিন্তু পারবো না।" পদ্মা সেতুর অর্থায়ন স্থগিতের ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূস কোনো ভূমিকা রেখেছেন কিনা- প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, "না, সে ধরনের কোনো ঘটনা ঘটেনি।" গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর নোবেলজয়ী ইউনূসের সঙ্গে সরকারের টানাপোড়েন চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাংলাভাষার একটি বার্তা সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্প বাধাগ্রস্ত করতে ইউনূস প্রভাব রাখছেন। মুহিত জানান, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত হলেও বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যান্য প্রকল্পে ঋণ-সহায়তা অব্যাহত রাখবে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১০০ কোটি ডলারের এক্সটেন্ড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) পাওয়া যাবে বলে জানান বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় অংশ নিয়ে শনিবার রাতে দেশে ফেরা অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৫০ ঘ.