চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সিটি কর্পোরেশন পরিচালিত ২৫টি বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থার চালু হলো রোববার থেকে।
সিটি মেয়র মনজুর আলম বলেন, পর্যায়ক্রমে তিনশ ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এ সেবা চালু হবে।
সকালে নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রাথমিক চিকিৎসা কর্নার চালু উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে ওই ২৫টি বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষককে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তা করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম যুব ইউনিট।
শিক্ষার্থীরা খেলাধুলা করার সময় বা বিদ্যালয় প্রাঙ্গণে ছোটাছুটি করতে গিয়ে অসতর্ক অবস্থায় আঘাত পেতে পারে। তখন জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা নিশ্চত করতে এ ব্যবস্থা নিয়েছে কর্পোরেশন।
মেয়র মনজুর বলেন, "নগরীর প্রায় সাড়ে তিনশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ বিষয়ে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কর্নার চালু করতে ১০ লাখ টাকা ব্যয় করা হবে।"
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুল ইসলাম বলেন, ঢাকায় এ ব্যবস্থা চালুর জন্য তারা ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24