ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে সরকার তদন্ত কমিটি করবে কি-না সে বিষয়ে রোববারই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করে আজই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।"
পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এবং বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে তাকে উদ্ধৃত করে পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তার 'কিছু সত্য, কিছু অতিরঞ্জিত' বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতির যেসব অভিযোগ এনেছে তার মধ্যে দুটি এরইমধ্যে ভুল প্রমাণিত হয়েছে।"
পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে স¤প্রতি দুর্নীতির অভিযোগ ওঠে। বিশ্ব ব্যাংকের অনুরোধে কানাডার পুলিশ এ বিষয়টি তদন্ত করছে।
বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় অংশ নিয়ে শনিবার রাতে দেশে ফেরেন অর্থমন্ত্রী। তিনি জানান, বিশ্ব ব্যাংকের সভায় পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে।
নিউ ইয়র্কে তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে শুক্রবার পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সংবাদ প্রকাশ করে দেশের প্রধান বাংলা দৈনিকগুলো। এতে অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, পদ্মা সেতু নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে বিশ্বব্যাংকের। যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক সাহায্য বন্ধ রাখার কথা জানিয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কোনো পত্রিকায় বিষয়টি প্রোপারলি রিপোর্ট করা হয়নি। প্রথম আলো, যুগান্তর, সমকাল- কোথাও ইট ওয়াজ নট প্রোপারলি রিপোর্টেড।"
প্রকৃত ঘটনা জানতে চাইলে মন্ত্রী বলেন, "এ বিষয়ে এ মুহূর্তে আমি কোনো মন্তব্য করবো না। আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরবো।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে বিশ্ব ব্যাংক ১২০ কোটি, এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/জেকে/১৭১৮ ঘ.
bdnews24