ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবী নাজির হায়াত খান হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।
এর হলেন- শাম্মী ইসলাম জাররা ওরফে নিপা এবং তার ভাগ্নে নিতাই রায় ওরফে শাওন। শনিবার ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মনিরুল ইসলাম।
রোববার রাজধানীতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এই দুইজনকে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় শাম্মী ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সম্পত্তির লোভে অনুপ চক্রবর্তী নামের আরেক ব্যক্তিসহ তিনজন মিলে নাজির হায়াতকে হত্যা করেন তারা।
গত সন্ধ্যায় ধানমণ্ডির একটি বাড়ি থেকে নাজিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হায়াত খানের স্ত্রী সানজিদা খান একটি মামলা করেন।
ধানমণ্ডি থানার ওসি মনিরুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হায়াত খানের উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে তার স্ত্রী গত জুন মাস থেকে রাগ করে লালমাটিয়ায় বোনের বাসায় থাকতেন। তবে মাঝেমধ্যে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হতো তার। স্ত্রী মাঝেমাঝে খাবারও পাঠাতেন।"
ওসি জানান, ওই আইনজীবীর ফ্ল্যাটবাড়ির রেজিস্ট্রার খাতা পরীক্ষা করে তারা দেখতে পেয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর যাতায়াত ছিল তার বাড়িতে।
নাজির হায়াতের স্ত্রী সানজিদা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেছিলেন, "যেসব মেয়ে বাসায় আসতো, তারাই হয়তো কোনো কারণে তাকে খুন করেছে।"
এ বিষয়ে রোববার সংবাদ মনিরুল ইসলাম সম্মেলনে, নাজির হায়াতের বাসায় শাম্মী ইসলামের নিয়মিত যাতায়াত ছিল। আইনজীবীর সম্পত্তির বিষয়ে অনেক বিষয়ই জানতে পেরেছিলেন শাম্মী। সেই থেকেই নাজির হায়াতকে হত্যা করে তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তিনি।
ওই ঘটনায় জড়িত অনুপ চক্রবর্তীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
নিহত নাজিরের মেয়ে রোমানা হায়াত ও ছেলে জাকির খান দীর্ঘদিন ধরে নরওয়ে ও আমেরিকায় বসবাস করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৫০৮ ঘ.
bdnews24