ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চে গুয়েভারা বিশ্ব বিপ্লবের ডাক দিয়েছিলেন মন্তব্য করে ভাষাসৈনিক আহমদ রফিক বলেছেন, এখানেই তার সঙ্গে অন্য বিপ্লবীদের পার্থক্য।
চে গুয়েভারার ৪৪তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে শনিবার বিকালে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এক অনুষ্ঠানে চে কে স্মরণ করা হয়।
শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করে যাওয়া চে'র প্রিয়তম উক্তি 'বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো' শিরোনামে চে সংহতি নামের একটি সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করে।
আহমদ রফিক বলেন, "চীনের মাও সে তুং কিংবা কিউবার ফিদেল কাস্ত্রোর মতো বিপ্লবীরা বিপ্লবের পর নিজ নিজ দেশ গড়ার কাজে হাত দিয়েছিলেন। কিন্তু কিউবার বিপ্লবের পর বিশ্ব বিপ্লবের স্বপ্ন নিয়ে বলিভিয়ায় যান চে।"
কিউবা বিপ্লবের অন্যতম নায়ক চে গুয়েভারাকে ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সেনাদের হাতে লা হিগুয়েরা গ্রামে নিহত হন।
অনুষ্ঠানে চে'র উদ্দেশ্যে কবিতা পাঠ করেন কবি পারভেজ চৌধুরী এবং জাহিদ রেজা নূর। সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী এবং ব্যান্ডদল মৃত্তিকা।
১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেন এ বিপ্লবী। চিকিৎসাবিজ্ঞানের ছাত্র হিসাবে ল্যাটিন আমেরিকা ভ্রমণ করেন। সে ভ্রমণের সময় মানুষের দুঃখ-দূর্দশা দেখে বিচলিত হয় তার মন।
তিনি বুঝতে পারেন এ অর্থনৈতিক বৈষম্যের মূলে রয়েছে পুঁজিবাদ, নয়া উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এবং বাজারের উপর কর্পোরেশনগুলোর একচেটিয়া আধিপত্য। তাই শোষণমুক্তির পথ হিসাবে তিনি বেছে নেন বিশ্ববিপ্লবের এই পথ।
শাসক-শোষক ও পুঁজিপতিদের উৎখাতের মাধ্যমে সামাজিক সাম্য অর্জনের সংগ্রামে জড়িয়ে পড়েন চে। ১৯৫৫ সালে মেক্সিকোয় কিউবার বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সঙ্গে তার দেখা হয় এবং বিপ্লবের প্রয়োজনে কিউবায় গিয়ে গেরিলা যুদ্ধে যোগ দেন।
১৯৫৯ সালের ১ জানুয়ারি স্বৈরশাসক বাতিস্তাকে উৎখাতের মাধ্যমে কিউবায় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা ছিলো তার।
১৯৬০ সালে কিউবা ন্যাশনাল ব্যাংকের সভাপতির দায়িত্ব নেন। তিন বছর পর তিনি কিউবার শিল্পমন্ত্রীর দায়িত্ব পান।
কিন্তু অল্পদিনের মধ্যেই কিউবা বিপ্লবের মন্ত্রকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে মন্ত্রিত্ব ছেড়ে ১৯৬৬ সালে তিনি যোগ দেন বলিভিয়ার ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে।
সেখানে গেরিলা যুদ্ধের এক পর্যায়ে ১৯৬৭ সালের ৮ অক্টোবর সিআই'র সহায়তায় বলিভিয়ার সেনাদের হাতে ধরা পড়েন চে। পরদিন বলিভিয়ার লা হিগুয়েরা গ্রামের একটি ছোট্ট স্কুলের মধ্যে ৬ সহযোগীসহ তাকে গুলি করে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/০০৪৮ ঘ.
bdnews24