২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সৈয়দ আহমদুল হকের সাধনা ছিলো আত্মার উপলব্ধি'

সুফি গবেষক সৈয়দ আহমদুল হক স্মরণসভায় বক্তারা বলেছেন, তার সাধনার বিষয় ছিল 'আত্মার উপলব্ধি'। তিনি ছিলেন একইসঙ্গে একজন সমাজসেবক, দার্শনিক ও তাপস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 08:29 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুফি গবেষক সৈয়দ আহমদুল হক স্মরণসভায় বক্তারা বলেছেন, তার সাধনার বিষয় ছিল 'আত্মার উপলব্ধি'। তিনি ছিলেন একইসঙ্গে একজন সমাজসেবক, দার্শনিক ও তাপস। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, "প্রত্যেক মানুষের মানসিক ও চিন্তার জগতে একটি স্বতন্ত্র বিষয় থাকে। যে ব্যক্তি তার উপলব্ধি ঘটাতে পারেন- তিনিই সুফি, দরবেশ কিংবা মনীষী হয়ে ওঠেন। সৈয়দ আহমদুল হকের সাধনা ছিল আÍার উপলব্ধি।" বার্ধক্য জনিত রোগে ভুগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান আহমদুল হক (৯৩)। মাইজভাণ্ডারি তরিকার অনুসারী আহমদুল সুফি তত্ত্ব গবেষণার জন্য আল্লামা রুমি সোসাইটি গড়ে তোলেন। আহমদুল হকের জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামে। ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি নেওয়ার পর বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনেও এমএ ডিগ্রি নেন তিনি। আহমদুল হক চট্টগ্রাম কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি বিসিকের সচিব, শিক্ষা বিভাগের উপপরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে অবসরে যাওয়ার পর গবেষণায় মন দেন তিনি। স্মরণসভায় 'সৈয়দ আহমদুল হকের দৃষ্টিতে ধর্ম ও সমাজ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান। আল্লামা রুমি সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অন্যদের মধ্যে কবি আসাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মোহাম্মদ আওরায়ী কারিমী, এ কে খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাসেম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে গায়ক হায়দার হোসেন এবং 'মরমি ও আধ্যাত্মিক সঙ্গীত শিল্পী গোষ্ঠী' গান পরিবেশন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচসি/এএইচ/০২১৫ ঘ.