২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি: দুই কাউন্সিলর পদপ্রার্থীকে ইসির নোটিশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে প্রচার চালানোর নির্ধারিত সময় শুরুর আগেই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ায় কাউন্সিলর পদের দুই প্রার্থীকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে প্রচার চালানোর নির্ধারিত সময় শুরুর আগেই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ায় কাউন্সিলর পদের দুই প্রার্থীকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন। এরা হলেন- ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী ওমর খৈয়াম চঞ্চল এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম। শুক্রবার তাদের এ ব্যাপারে চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফুর রহমান। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর ১৩ অক্টোবর থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ৩০ অক্টোবর নবগঠিত এই সিটি করপোরেশনে ভোট হবে। এদিকে প্রার্থীদের ব্যায় ও আচরণবিধি তদারকিতে মাঠে নেমেছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা। রিটার্নিং অফিসার শুক্রবার বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারদের নিয়ে শহরের নলুয়া, দেওভোগ, পশ্চিম দেওভোগ, চাষাঢ়া, তল্লা, খানপুরসহ বিভিন্ন এলাকার ৭টি ওয়ার্ডে বেশ কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা কেন্দ্রগুলোর আশেপাশেও ঘুরে দেখেন। বিশ্বাস লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন, "ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে এমন কয়েকটি ভোটকেন্দ্র আমরা পরিদর্শন করেছি।" তিনি জানান, সিটি কর্পোরেশনের ২৭টির ওয়ার্ডের মধ্যে ৯টিতে ২৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিসি ক্যামেরা বসানো হবে। প্রয়োজন বোধ করলে কেন্দ্রের বাইরেও ক্যামেরা স্থাপন করা হতে পারে। "কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লংঘন করছে কি না তা দেখা হচ্ছে। মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা এলাকার মসজিদ, মাদ্রাসার উন্নয়নে অর্থ দেওয়ার প্রতিশ্র"তি বা সরাসরি অর্থ দিচ্ছেন কি-না তাও মনিটর করা হচ্ছে।" নির্বাচন কমিশন এ পর্যন্ত মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/জেকে/২১১৭ ঘ.