২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি বোমা: গ্রেপ্তার ঢাকায় পড়ুয়া ছাত্র

নয়া দিল্লিতে আদালতের ফটকে বোমাহামলায় জড়িত সন্দেহে কাশ্মীরি এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বাংলাদেশে পড়ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লিতে আদালতের ফটকে বোমাহামলায় জড়িত সন্দেহে কাশ্মীরি এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বাংলাদেশে পড়ছেন। ভারতের দৈনিক টাইমস অফ ইন্ডিয়া শুক্রবার তাদের অনলাইন সংস্করণে এ খবর জানিয়েছে। গ্রেপ্তার যুবকের নাম ওয়াসিম আহমেদ। তিনি ইউনানি চিকিৎসায় বাংলাদেশে পড়াশোনা করেন বলে প্রতিবেদনে বলা হয়। গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের ফটকে বোমাহামলায় ১৫ জন নিহত হয়। ওই হামলার পরিকল্পনায় জানতে ওয়াসিম একটি গুরুত্বপূর্ণ সূত্র বলে ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএ) মনে করছে। ওই হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএন এর আগে আরো তিন জনকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ওই হামলা চালায়। ওয়াসিমকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এনআইএ কর্মকর্তারা কিছু বলেনি। তারা বলছেন, আজহার আলী নামে হিজবুল মুজাহিদিনের এক কর্মীর মাধ্যমে ওয়াসিমের বিষয়ে তথ্য মিলেছে। আজহার দুই বছর ধরে জম্মু কারাগারে রয়েছে। ওয়াসিমকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জুনায়েদ আকরামের আস্তানার তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন এনআইএ কর্মকর্তারা। তারা দাবি করছেন, জুনায়েদই দিল্লি হামলার মূল পরিকল্পনাকারী। ধারণা করা হচ্ছে, জুনায়েদ পাকিস্তানে রয়েছেন। তবে জম্মু-কাশ্মীরে তার লুকিয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এনআইএ কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৭৫০ ঘ.