যশোর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে যশোরে দুই যুবক খুন হয়েছেন।
নিহতরা হলেন- শহরের রেলগেট এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী মাসুদ (২৮) এবং রেলগেট পশ্চিম পাড়ার মশিয়ার রহমানের ছেলে শুক্কুর আলী (২৩)।
রেলগেট আশ্রম রোড এলাকায় শুক্রর আলী এবং বারান্দি বিশ্বাস পাড়া মসজিদের সামনে মাসুদকে ছুরিকাঘাত করে ও পিটিয়ে হত্যা করা হয় বলে কোতোয়ালি থানার ওসি ইমদাদুল হক জানিয়েছেন।
রাত ১২টার দিকে শুক্রর আলীর লাশ আশ্রম রোড এলাকা থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মাসুদকে খুন করা হয়েছে রাত সাড়ে ১২টার দিকে। খুনিরা মাসুদকে কুপিয়ে হত্যা করে বারান্দি বিশ্বাস পাড়া মসজিদের সামনে ফেলে রেখে যায়।
দুটি হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা মামলা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এমআই/১৭৩০ ঘ.
bdnews24