ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে অটোরিকশার ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে ১০ নম্বর গোলচক্করে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিকশাচালক মোহাম্মদ আজাদের (৩০) বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। তিনি মিরপুর ৭ নম্বর বস্তিতে থাকতেন বলে পুলিশ জানায়।
দুর্ঘটনার পর আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজাদকে নিয়ে আসা অন্য রিকশাচালকদের উদ্ধৃতি দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজাদ রিকশা থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
ময়না তদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রয়েছে। বিষয়টি মিরপুর থানায় জানানো হয়েছে বলে পুলিশ সদস্য সালাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২২৫ ঘ.
bdnews24