চাঁদপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি বিভিন্ন ধরনের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন।
উত্তর মতলবের সুজাতপুর বাজারে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রাত ১০টার দিকে দমকলকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত ১৫ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে কয়েকটি গহনার দোকান, মুদি, কাপড় ও প্রসাধন সামগ্রীর দোকান।
ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমত হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৯টার দিকে বাজারের সুনিল সরকারের বন্ধ মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার জানান, ওই বাজারে একটি পেট্রোল ও ডিজেলের দোকান থাকায় আগুন মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সুজাতপুর গ্রামসহ আশপাশের গ্রামে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্নভাবে চেষ্টা চালায়।
আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বরে জানান পুলিশ কর্মকর্তা রুস্তম আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২০০ ঘ.
bdnews24