২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পক্ষে প্রচার চালাবেন রুশনারা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার বিভিন্ন গ্রাম ঘুরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা বললেন, ব্রিটেন গিয়ে তিনি এ নিয়ে প্রচার চালাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার বিভিন্ন গ্রাম ঘুরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা বললেন, ব্রিটেন গিয়ে তিনি এ নিয়ে প্রচার চালাবেন। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলার ধনপুর ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার এর কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে তাদের জীবনযাত্রা নিয়ে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যেসব দেশ সবচে বেশি ক্ষতির মুখে রয়েছে- তাদের অভিযোজন ও পুনর্বাসনে সহযোগিতা দেওয়ার পাশাপাশি কার্বন গ্যাস নিঃসরণের মাত্রা কমিয়ে আনার জন্য শিল্পোন্নত দেশগুলোকে একটি আইনি বাধ্যবাধকতাপূর্ণ চুক্তিতে আনার জন্য দাবি জানিয়ে আসছে স্বল্পোন্নত দেশগুলো। গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের এক-পঞ্চমাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। এর ফলে তিন কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এই মানবিক ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের মানুষের জন্য উন্নয়ন সাহায্য বাড়াতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক মহলের ওপর চাপ সৃষ্টিতে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন রুশনারা। তিনি জানান, ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে হাওরে অতিদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা দেখতে এসেছেন। "ঘরহারা মানুষের কষ্ট নিজের চোখে দেখেছি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় হাওরের মানুষ বিপর্যয়ের শিকার হচ্ছে।" ব্রিটেনে ফিরে এ নিয়ে প্রচার চালানোর পাশাপাশি পরিবেশ বিপর্যয়ে ক্ষতিগস্ত দেশগুলোকে সাহায্যের পরিমাণ বাড়ানোর জন্য ব্রিটেন সরকারের উপর চাপ প্রয়োগ করবেন বলেও জানান তিনি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম ও কেয়ার এর আমন্ত্রণে সাত দিনের সফরে রোববার ঢাকা আসেন ব্রিটেনের লেবার পার্টির নেতা রুশনারা আলী। ২০১০ সালের নির্বাচনে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এলাকা থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১০ সালের নভেম্বরেও একবার ঢাকা এসেছিলেন তিনি। হাওরাঞ্চল পরিদর্শনের সময় যুক্তরাজ্য কেয়ার ইন্টারন্যাশনালের আইন উপদেষ্টা এলিস হুচিংসন ও ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/সিএস/এএল/২২০৫ ঘ.