২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জনে হাজারো মানুষের ঢল

'শেষবারের মতো' তেল-সিঁদুর পরিয়ে, সাগর জলে প্রতিমা ভাসিয়ে দেবী দুর্গাকে এক বছরের জন্য বিদায় জানালো চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'শেষবারের মতো' তেল-সিঁদুর পরিয়ে, সাগর জলে প্রতিমা ভাসিয়ে দেবী দুর্গাকে এক বছরের জন্য বিদায় জানালো চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে মর্ত্য ছেড়ে পুনরায় কৈলাসে গেলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। আর এর মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দুদের সবচে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের। চট্টগ্রামে বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় দেবীকে বিদায়ের আয়োজন। নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিটি সড়কে শুরু হয় প্রতিমাবাহী ট্রাকের বর্ণিল শোভাযাত্রা। পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী নদীর ঘাটে গিয়ে এই শোভাযাত্রা শেষ হয়। এরপর শুরু হয় বিসর্জনের পালা। এর আগে সকালে বিজয়া দশমীর অঞ্জলি প্রদানের মাধ্যমে এ বছরের মত শেষ হয় দেবীর আরাধনা। বিহিত পূজা শেষ করে দেওয়া হয় দর্পণ বিসর্জন। মণ্ডপে মণ্ডপে রঙের খেলায় চলে শেষ মুহূর্তের উদযাপন। বিসর্জনের 'ক্ষণে' প্রতিবারের মতো এবারো পতেঙ্গা সৈকতে হাজারো মানুষের ঢল নামে। ঢাক, ঢোল, কাসর ঘণ্টাসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে 'জয়, দুর্গা মায়ের জয়' ধ্বনি তুলে একের পর এক প্রতিমা ভাসানো হয় সাগরে। সৈকতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুস্মিতা দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত চার দিন ধরে মায়ের পূজা করেছি। আজ মা চলে যাবেন। তাই বিদায় দিতে আসা।" নগরীর পাথরঘাটা থেকে প্রতিমা নিরঞ্জনে এসেছিলেন কল্লোল নন্দী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাড়ার বন্ধুরা মিলে পূজার আয়োজন করি প্রতিবছর। এবার বিদায়ের পালা। সবাই মিলে মাকে বিদায় দিলাম।" বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গা সৈকতে বিসর্জন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তিনি জানান, এবার পতেঙ্গায় প্রায় ১৫০টি, কাট্টলী রানি রাসমনি ঘাট সংলগ্ন সৈকতে ৪০টি এবং পাথরঘাটায় কর্ণফুলী নদীর গঙ্গাবাড়ি ঘাটে ২০টি প্রতিমা বির্সজন দেওয়া হয়েছে। এছাড়া নগরীর বাইরে আনোয়ারা পার্কি বিচে ৫০টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন পুকুর ও দিঘিতেও দেবী প্রতিমা বির্সজন দেন ভক্তরা। এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে পতেঙ্গা সৈকতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম সিটি করেপোরেশন (সিসিসি)। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মনজুর আলম। বিসর্জন উপলক্ষে সৈকতে আলোকসজ্জা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে সিসিসি। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বন্দর) কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ণভাবে বিসর্জন অনুষ্ঠানের জন্য পতেঙ্গায় প্রায় ৩০০ পুলিশ মোতায়েন করা হয়। এবার সৈকতে যাওয়া-আসার জন্য আলাদা রুট ভাগ করে দেয় সিএমপি। নির্দেশনা অনুসারে প্রতিমাবাহী ট্রাক সিমেন্ট ক্রসিং হয়ে বিমানবন্দর হয়ে সৈকতে প্রবেশ করে। এরপর কাঠগড় হয়ে শহরে ফিরে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২০২৩ ঘ.