২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গা বিসর্জনে দুই বাংলার মিলনমেলা

বিজয়া দশমীতে যশোরের ইছামতি আর সাতক্ষীরার কালিন্দী নদীতে এবারো বসেছিলো দুই বাংলার মানুষের মিলনমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

বেনাপোল, যশোর/সাতক্ষীরা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়া দশমীতে যশোরের ইছামতি আর সাতক্ষীরার কালিন্দী নদীতে এবারো বসেছিলো দুই বাংলার মানুষের মিলনমেলা। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজার শেষ দিন বৃহস্পতিবার ছিলো প্রতিমা বিসর্জন। আর এই বিসর্জনের দিনই উৎসবে মেতে ওঠে সীমান্তঘেঁষা এ নদীপাড়ের নানা ধর্ম-বর্ণের মানুষ। দীর্ঘদিন ধরেই এ উৎসব চলে আসছে ইছামতী আর কালিন্দীতে। যশোরের সীমান্তবর্তী গ্রাম গোগা বাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছরের এই একটি দিন মানুষ ভুলে যায় আন্তর্জাতিক সীমারেখার কথা। আরতি-গান-শাঁখের শব্দ আর উলুধ্বনিতে সকল বিভেদকে দূরে ঢেলে মানুষ মেতে উঠে স¤প্রীতির উৎসবে। তিনি বলেন, "এখানে নিরাপত্তার জন্য সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর-বিএসএফ আছে। কিন্তু তারাও আজ দুই বাংলার উৎসবে সামিল হয়েছে।" দুপুরের একটু আগে যশোরের বেনাপোল সীমান্ত সংলগ্ন গোগা এলাকার ইছামতী তীরে গিয়ে দেখা যায়, শত শত মানুষের ভীড় নদী তীরে। বাহারি নৌকায় করে নদীতে আসতে শুরু করেছে এপাড়-ওপাড় বাংলার প্রতিমাগুলো। ঢাক-ঢোল আর কাঁসার ছন্দে মাতোয়ারা প্রতিটি নৌকার যাত্রী। কাছাকাছি এলেই এক নৌকার যাত্রীরা আবীর ছুঁড়ে দিচ্ছে অপর নৌকার যাত্রীদের দিকে। সমস্বরে উল্লাস করছে- 'জয় মা দুর্গা' ধ্বনিতে। স্থানীয়রা জানলেন, এখানে সাধারণত যশোরের সীমান্ত-সংলগ্ন দৌলতপুর, পুটখালী, অভয়বাস, ভুলোট, গোগা, রুদ্রপুর আর ওপারের চব্বিশ পরগনার বনগাঁর বুড়ো কালিনী, অ্যাংরাইল, খেদাপাড়া, বন্যেবেড়ে, ঝাউডাঙ্গা, পিপলি, গড়জ্বালা ইত্যাদি এলাকার পূজারিরাই প্রতিমা বিসর্জন দিতে আসে। একইভাবে সাতক্ষীরার দেবহাটা, খানজিয়া, সোলপুর, বসন্তপুর, কালিগঞ্জ, উকসা, বাঁশঝাড়িয়া, টাউনশ্রীপুর, ভাতশালা, শাখরা, পদ্মশাখরা, চান্দুড়িয়া, কাকডাঙা, ভাদিয়ালিসহ আশপাশের গ্রামের প্রতিমা এসেছিলো কালিন্দি নদীতে। অপরদিকে ভারতের হাসনাবাদ, টাকি, কালুতলা, বরুনহাট, কাটাখালি, হিঙ্গলগঞ্জ, বাকরা, খুশবাশ, শোলাদানা, গোয়ালপাড়া, পানিতর, ঘোজাডাঙা, জয়নগর, হাকিমপুর ও পরানদহপুরের প্রতিমাও আসে। দুপুরের পর পরই প্রায় শতাধিক নৌকা বিভিন্ন স্থান থেকে চলে আসে মাঝ-ইছামতিতে। বিকাল ৪টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নদীর দুই তীর। বিকালের সূর্যাস্তে আবীরের ফাগ আর ধুপের গন্ধে ইছামতির কোল জুড়ে অন্য এক রূপ। একই দৃশ্য দেখা যায় কানিন্দীর দুই তীরেও। গোগা পূর্বপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্গা পূজা একটি সার্বজনীন উৎসব। হিন্দু-মুসলমান মিলেই আমরা এলাকায় পূজা উদযাপন করি। বিসর্জনও দেই একসঙ্গে। বিসর্জনের দিন বাড়তি পাওনা এই ইছামতির মিলনমেলা। তিনি জানান, ওপারেও তো আমাদের আত্মীয়-স্বজনরা আছে। তাদের অনেকের সঙ্গে দেখা হয়। সাতক্ষীরার দেবহাটার টাউনশ্রীপুরে ইছামতি তীরে মিলনমেলা উপলক্ষে উপজেলা পরিষদ আয়োজিত ভারতীয় অতিথিদের সংবর্ধনা দেয়। গোগা বাজারের বাসিন্দা কার্তিক চক্রবর্তী জানান, ছোটবেলা থেকেই এই উৎসব দেখে আসছি। এখনো চলছে। তিনি জানান, সবাই একসঙ্গে প্রতিমা বিসর্জন দেয় না। ভারতীয়রা সাধারণত সন্ধ্যার পর ইছামতিতে প্রতিমা বিসর্জন দেয় আর এপাড়ের মানুষ সন্ধ্যার আগেই বিসর্জন শেষ করে বাড়ি ফেরে। বিসর্জনের প্রতিটি নৌকাতেই থাকে প্রচুর প্রসাদ। প্রতিমা বিসর্জনের পর পরই তা বিলিয়ে দেওয়া হয় আশপাশের নৌকা আর তীরে থাকা উৎসুক মানুষের মাঝে। সেই প্রসাদ খেতে খেতেই বাড়ি ফেরে মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২১৪২ ঘ.