বাগেরহাট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে বিধি বর্হিভূতভাবে ইউরিয়া সার বিক্রির অপরাধে এক সার পরিবেশককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহর আলী এই জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহর আলী বলেন শামীম এন্টারপ্রাইজের মালিক শহীদুল ইসলাম বুধবার তার মোরেলগঞ্জ বাজারের গুদাম থেকে ৬২ বস্তা ইউরিয়া সার জিউধরা ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করেন।
বিধি অনুযায়ী ওই সার মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজার থেকে তার বিক্রি করার কথা। বিধি লঙ্ঘনের অপরাধে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের ১২ (ক) ধারায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
শহীদুল ইসলাম শামীম এন্টারপ্রাইজের নামে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া এবং জিউধরা ইউনিয়নের সার পরিবেশক। নিশানবাড়িয়ার গুলিশাখালী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/২১৩০ ঘ.
bdnews24