ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক আদম ব্যাপারীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই তিন কর্মকর্তা হলেন শফিউদ্দিন শেখ, রুহুল আমিন এবং গিয়াস উদ্দিন।
পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
ডিবির যুগ্ন কমিশনার মীর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন চেষ্টার পরও এক আদম ব্যাপারীর কাছ থেকে পাওনা সাত লাখ টাকা আদায় করতে না পেরে এক ব্যক্তি পুলিশের শরণাপন্ন হয়েছিলেন। এরপর ওই তিন গোয়েন্দা কর্মকর্তা সেই আদম ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করে মোটা অংকের ঘুষ দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘুষের টাকা দেওয়ার জন্য আদম ব্যাপারী বৃহস্পতিবার দুপুরে তিন ডিবি কর্মকর্তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে যেতে বলেন। সেখান থেকেই সরকারের একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই তিন পরিদর্শককে আটক করে বলে মীর শহিদুল ইসলাম জানান।
"সেই আদম ব্যাপারী আগে থেকেই ওই গোয়েন্দা সংস্থার সদস্যদের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন।"
ডিবির যুগ্ন কমিশনার মীর শহিদুল বলেন, "বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। বিস্তারিত ঘটনা জানতে দুই পক্ষের সাথে কথা বলা হবে। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
এদিকে অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সানোয়ার হোসেনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে।
"তার বিষয়টিও তদন্ত করে দেখা হবে। এজন্য ডিবির যুগ্ন কমিশনার মীর শহিদুল ইসলামকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/১৯৩৭ ঘ.
bdnews24