২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার প্রথম দিন ৪০ মণ ইলিশ আটক

১১ দিনের জন্য সারাদেশে ইলিশ মাছ ধরা বন্ধের প্রথম দিন বৃহস্পতিবার বরিশালে প্রায় ৪০ মণ ইলিশ আটক করেছে পুলিশ। পরে তা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

বরিশাল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ দিনের জন্য সারাদেশে ইলিশ মাছ ধরা বন্ধের প্রথম দিন বৃহস্পতিবার বরিশালে প্রায় ৪০ মণ ইলিশ আটক করেছে পুলিশ। পরে তা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। ভোরে নগরীর ইলিশ মোকাম পোর্ট রোড ঘাটে জেলেরা বিক্রির জন্য নিয়ে এলে এসব ইলিশ আটক করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন শেখ। ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে ১১ দিনের জন্য সারাদেশে ইলিশ মাছ ধরা ও বিক্রি বন্ধ রয়েছে। আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। এএসআই মো. মহিউদ্দিন শেখ বলেন, সরকারের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পোর্ট রোড মাছ ঘাটে চারটি ট্রলার বোঝাই বিপুল পরিমাণ মা ইলিশ ও জাটকা বিক্রির জন্য নিয়ে আসে। খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ অভিযান শুরু করলে ট্রলারে থাকা মৎস্য ব্যবসায়ী ও জেলেরা পালিয়ে যায়। ট্রলার থেকে উদ্ধার করা হয় মাছগুলো। মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, জেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ভ্রাম্যামাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজা মিয়া উদ্ধার হওয়া মাছ নগরীর কয়েকটি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১৫ ঘ.