চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংককে চিকিৎসা নিয়ে ফেরা ঢালী আল মামুন অনেকটাই সুস্থ বলে তার স্ত্রী জানিয়েছেন।
সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এ শিক্ষক বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। তিনি রয়েছেন বন্দরনগরীর চট্টেশ্বরী সড়কে তার বাসায়।
মামুনের স্ত্রী দিলার বেগম জলি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওর শারীরিক অবস্থা এখন খুবই ভালো। ব্যাংককে করা সিটি স্ক্যানের ফলাফল অনুসারে হৃৎযন্ত্র ও মস্তিস্কের অবস্থাও ভালো। তবে ডান হাত এখনো পুরোপুরি ভালো হয়নি।"
"ও (মামুন) মানসিকভাবে ভালো আছেন। কাছের বন্ধুদের সঙ্গে রাতে কিছুক্ষণ আড্ডাও দিয়েছে," যোগ করেন জলি।
চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকরা বেশি লোকজনের সঙ্গে মামুনকে দেখা করতে নিষেধ করেছেন।
গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচ জন নিহত হন।
ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মামুন। দুর্ঘটনার পর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৯ অগাস্ট তাকে ব্যাংকক নেওয়া হয়।
জলি জানান, তিন মাস পর আরো একবার সিটি স্ক্যান করাতে বলেছে ব্যাংককের চিকিৎসকরা।
তারেক ও মিশুকের মৃত্যুর খবর শুরুতে মামুনকে জানানো হয়নি জানিয়ে জলি বলেন, ব্যাংকক থেকে ফেরার কয়েকদিন আগে দুজনের মৃত্যু সংবাদ জানানো হয়।
এর আগে মামুনকে বলা হয়েছিলো, তারেক-মিশুক গুরুতর আহত ও কোমায় আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/১৪৫৫ ঘ.
bdnews24