হবিগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের আনোয়ারপুর এলাকায় বৃহস্পতিবার সকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক রিকশাযাত্রী নিহত হয়েছেন।
নিহত মনির হোসেন (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দারপুর গ্রামের আব্দুল সাইমানের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৯টায় একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় শায়েস্তাগঞ্জগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান। এতে আহত মনিরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার পর পর জনতা সড়ক অবরোধ করে ওই স্থানে গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবি জানায়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছসহ পুলিশ কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন বলে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুকিত সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24