পাবনা, অক্টোবর ০৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিন জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে পেঁয়াজের চারা এবং অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা মাঝ পদ্মায় ডুবে যায়। নৌকার অন্য ৩৪ যাত্রী সাঁতরে তীরে উঠে এলেও ওই তিন জন নিখোঁজ হন।
এদের মধ্যে ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের বাদশা প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক (২৪) এবং একই গ্রামের মৃত ভোলা প্রামাণিকের ছেলে ছেকেন প্রমাণিক (৩০)।
নিখোঁজ রয়েছেন সেলিমের বড়ভাই মিন্টু প্রামাণিক (২৭)।
ঈশ্বরদী থানার ওসি হানিফুল ইসলাম জানান, ইঞ্জিন চালিত একটি নৌকায় ৩৭ জন দিনমজুর পেঁয়াজের চারা নিয়ে পদ্মা নদীর এক চরে রোপণ করতে যাচ্ছিলেন। অতিরিক্ত ভারে নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছানোর পর ডুবে যায়। সে সময় নৌকার ৩৪ জন আরোহী সাঁতরে পাড়ে উঠে আসতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ হন।
পরে এলাকাবাসী নদীতে জাল ফেলে সেলিম প্রমাণিক ও ছেকেন প্রমাণিকের লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/১৯৪৪ ঘ.
bdnews24