২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ নারীদের পণ্য বিক্রির জন্য সরকারি উদ্যোগে বাজার

ক্ষুদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীণ নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি এবং এসবের বাজার সৃষ্টির জন্য ঢাকায় নতুন মহিলা বাজার (মার্কেট) করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 06:26 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীণ নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি এবং এসবের বাজার সৃষ্টির জন্য ঢাকায় নতুন মহিলা বাজার (মার্কেট) করা হচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে একটি প্রকল্পের আওতায় আগামী ১৫ অক্টোবর থেকে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের রাপা প্লাজার দুটি তলায় বিশেষায়িত এ বাজারের কার্যক্রম শুরু হচ্ছে বলে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী। ৭ কোটি টাকা ব্যয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 'ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পুনর্বাসন প্রকল্পে'র অধীনে এ কার্যক্রম আগামী তিন বছর পর্যন্ত চলবে। প্রতিমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে 'মহিয়সী' নামে এ বাজার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিলো। কিন্তু এখন নাম বদলের সিদ্ধান্ত হয়েছে। নামটি উদ্বোধনের আগে প্রকাশ করা হবে না। এ কার্যক্রম শুরুর উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে গোটা দেশে প্রায় ১৬ হাজার সমিতি রয়েছে। এসব সমিতির সদস্যদের মধ্যে অনেকেই হস্তশিল্প, কারুশিল্প, তাঁত বস্ত্র এবং খাদ্য সামগ্রী তৈরি করছে। এসব পণ্য বিক্রির জন্য নিজস্ব কোনো ব্যবস্থা না থাকায় তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। "ফলে কিছু নাম করা বেসরকারি সংস্থার (এনজিও) বিক্রয় কেন্দ্রগুলো এসব পণ্য স্বল্পমূল্যে কিনে অনেক চড়া দামে বিক্রি করছে। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে," বলেন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয় এবং মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ বাজারের কার্যক্রম শুরুর জন্য অধিদপ্তরের নিজস্ব অর্থ থেকে রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চম তলায় ২৪ হাজার বর্গফুট জায়গা ভাড়া করা হয়েছে। এখানে ১৬০ থেকে ১৮০টি দোকান করা হচ্ছে। গ্রামীণ মেলার আদলে করা হচ্ছে এসব দোকান। ইতোমধ্যেই দোকানগুলো তৈরি ও সাজানোর কাজ শুরু হয়েছে। এখানে বিভিন্ন পণ্যের পসরা সাজানোর দোকান ছাড়াও একটি বিশেষ ধরণের মঞ্চ স্থাপন করা হবে। মঞ্চটিতে মেলার আদলেই দেশীয় সংস্কৃতি তুলে ধরতে প্রতিদিনই আয়োজন হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। একেক দিন একেক সংগঠনের কর্মীরা এ মঞ্চে অনুষ্ঠান করবে। এ বিষয়ে শিরীন শারমীন বলেন, "শহরের পরিবেশে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টির জন্য এ মার্কেট করা হলেও দেশীয় সংস্কৃতি চর্চার একটি ক্ষেত্র হিসেবে এ উদ্যোগকে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। দেশীয় উচ্চ শ্রেণীর ক্রেতা ছাড়াও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে এতে বিশেষ ব্যবস্থা রাখা হবে।" প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের পক্ষ ২০১৩ সাল পর্যন্ত চালানোর জন্য এ বাজারটি তৈরি করা হচ্ছে। তবে উদ্যোক্তারা চাইলে এর পরও এর কার্যক্রম অব্যাহত থাকবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে এ বাজারের ১৮০টি দোকান ১৮০টি সমবায় সমিতির মধ্যে বরাদ্দ করা হবে। পরবর্তীকালে পর্যায়ক্রমে অন্য সমিতির সদস্যরাও এসব দোকান বরাদ্দ পাবেন। কোনো সমিতির পণ্য বিক্রি বন্ধ থাকলে এতে অন্য সমিতিকে পণ্য বিক্রির সুযোগ দেওয়া হবে। কোনো দোকানই বন্ধ রাখা হবে না। দোকান বরাদ্দের জন্য উদ্যোক্তা সমিতিগুলো থেকে ২৫ হাজার টাকা জামানত নেওয়া হবে। বাকি টাকা দেবে মহিলা অধিদপ্তর। এ টাকা সমিতির নিজস্ব তহবিল থেকে দিতে হবে না। সমিতিগুলো অধিদপ্তরের ঋণ নিয়ে এ অর্থ পরিশোধ করতে পারবেন। আবেদন পেলে অধিদপ্তর এ ঋণের ব্যবস্থা করবে। দিতে হবে না দোকান ভাড়াও। প্রতিমন্ত্রী শিরীন শারমীন বলেন, শুধু পণ্য বিক্রির বাজার সৃষ্টিই নয়, দোকান বরাদ্দ পাওয়া সমিতির উৎপাদিত পণ্যের মান উন্œয়ন, ক্রেতাদের আকৃষ্ট করতে পণ্যের রং নির্ধারণ এবং হিসাব রাখার শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হবে। এরই মধ্যে কিছু কিছু সমিতির সদস্যকে প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে। ঢাকার এ বাজারে সফলতা পেলে ভবিষ্যতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এমন বাজার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২২০ ঘ.