ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরবরাহ লাইনের তার মেরামতের পর ২১ দিন পর বিদ্যুৎ পেয়েছে পরমাণু শক্তি কমিশনের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রটি।
গত ১৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ওই কেন্দ্রের মূল বিদ্যুৎ সরবরাহ লাইন পুড়ে যাওয়ায় সরবরাহ বন্ধ হয়ে যায়।
কমিশনের পরিচালক মুহাম্মদ আলী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে।"
পুড়ে যাওয়া তারটি গত রোববার পুনঃস্থাপন করা হয়। তবে কর্তৃপক্ষ জানায়, তার পুনঃস্থাপন করার পরপরই একটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ চালু হতে আরো সময় লেগে যাবে।
পরিচালক জানান, সোমবার সদর দপ্তর থেকে একটি ট্রান্সফরমার পাঠানো হয়।
তবে দীর্ঘসময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে কমিশনের বিভিন্ন গবেষণা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে কি না, সে বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি।
এর আগে গত রোববার নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের একজন গবেষক জানান, এখানে আমদানি ও রপ্তানি পণ্যের তেজস্ক্রিয়তার বিশ্লেষণধর্মী প্রতিবেদনের পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকে এক্স-রে যন্ত্র স্থাপনের লাইসেন্স দেওয়া হয়। প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে খাদ্যের বা অন্যান্য বস্তুর মান পরিবর্তন হয়ে গেলে পরীক্ষায় ভুল ফলাফল আসবে।
তিনি বলেন, একটি ভুল পরীক্ষার কারণে রপ্তানি আদেশ বাতিলও হয়ে যেতে পারে, যা বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে।
তবে এর আগে পরিচালক মুহাম্মদ আলী দাবি করেন, বিদ্যুৎ না থাকার কারণে তাদের কাজ-কর্মে তেমন কোনো সমস্যা হয়নি। বরং সরকারের বিদ্যুৎ সাশ্রয় হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি পরীক্ষাগুলো সাভার কেন্দ্রে চালিয়ে যাওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে গবেষকদের অনুরোধ জানিয়েছি তাদের প্রয়োজনীয় রাসায়নিকগুলো তারা যেকোনো জায়গায় সংরক্ষণের ব্যবস্থা করার জন্য।"
স¤প্রতি ৬০০-১০০০ মেগাওয়াট উৎপাদনক্ষম বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিএইসি'র সঙ্গে রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের সমঝোতা চুক্তি হয়েছে।
বিএইসি ও এর বিভিন্ন কেন্দ্রের বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে তাদের নিজস্ব প্রকৌশল বিভাগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এমআই/১৫২০ ঘ.
bdnews24