জামালপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের দুই পক্ষ এক স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
জেলা শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বালক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে শহর মহিলা দলের কর্মী সমাবেশ আহ্বান করেন জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক আক্তার জাহান মনি। একই সময় একই স্থানে পাল্টা কর্মী সমাবেশ ডাকে জামালপুর শহর মহিলা দলের সভানেত্রী রোকসানা রহমান হাসি।
এ নিয়ে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কররিম স্কুল সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলে সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
১৪৪ ধারা জারির পর ওই বিদ্যালয় মাঠ ও সংলগ্ন এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে।
এদিকে বিকালে মনির অনুসারীরা শহরের কাচারীপাড়ায় ক্যাডেট মাদ্রাসায় কর্মী সম্মেলন করে। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
অন্যদিকে শিরিন সুলতানা জামালপুর আসার পর শহর হাসির অনুসারীরা শহরে ঝাড়– মিছিল করে। মিছিলটি শহরের স্টেশন রোড থেকে বের হয়ে স্টেডিয়াম মাঠে গিয়ে প্রতিবাদ সভা করে। তারা মহিলা দলের জেলা কমিটি বিলোপের দাবি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৬ ঘ.
bdnews24