নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন কাটানোর পর বিমানের বাড়তি ভাড়াও আদায় করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) চেয়ারম্যান আবু সাঈদ মোহাম্মদ ফিরোজ।
অবশ্য এই কর্মকর্তা মনে করেন, এটা কোনো সমস্যা নয়।
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৫৫তম সম্মেলনে অংশ নেওয়ার পর গত ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন ফিরোজ। ১০ দিনের এই সফরের জন্য কমিশনের কাছ থেকে ১৪ দিনের ব্যয় দেখিয়ে অর্থ নিয়েছেন তিনি। আর বিমানের ইকোনোমি ক্লাসে ভ্রমণ করে নিয়েছেন বিজনেস ক্লাসের ভাড়া।
ওই সম্মেলনে অংশ নেওয়ার সরকারি আদেশের কপি, একটি ই-টিকেট এবং চেয়ারম্যানের ভ্রমণ ব্যয় নিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ওই কমিশনের তৈরি করা মোট ব্যয়ের একটি অফিস কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
২৫ অগাস্টের ওই সরকারি আদেশে বলা হয়, তিনি ১৫ সেপ্টেম্বর বা কাছাকাছি কোনো দিন ভিয়েনার উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৪ সেপ্টেম্বর বা তার কাছাকাছি যে কোনো দিন ঢাকার উদ্দেশ্যে ভিয়েনা ছাড়বেন। ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার ৫৫তম সম্মেলনে অংশ নেবেন।
কমিশনে জমা দেওয়া ব্যয়ের বিবরণীতে বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণ ভাড়া বাবদ দুই লাখ ৪৭ হাজার ৭৫০ টাকাসহ ১৪ দিনের জন্য মোট পাঁচ লাখ ৪৬ হাজার ৫১০ টাকা খরচ হওয়ার হিসাব দেন ফিরোজ। কিন্তু তার ই-টিকেটে দেখা যায়, তিনি ইকোনোমি ক্লাসে ভ্রমণ করেছেন এবং ট্যাক্সসহ তার ভাড়া পড়েছে এক লাখ ৩৩ হাজার ৭৮৩ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রাথমিকভাবে ইকোনোমি ক্লাসে ভ্রমণের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু ই-টিকেটের কথা মনে করিয়ে দিলে তিনি বলেন, "এটা কোনো সমস্যা নয়।"
"আমার জন্য বিজনেস ক্লাসের টিকিট বরাদ্দ ছিলো। ওই টাকা আমার জন্য বরাদ্দ হয়েছিলো। আমি যদি কষ্ট করি (ইকোনোমি ক্লাসে ভ্রমণ করে) এবং খরচ বাচাই, তাহলে ক্ষতিটা কার? এটা আমার ব্যাপার।"
অবশ্য সাবেক সচিব ধীরাজ কুমার নাথ মনে করেন, এতেও সমস্যা রয়েছে।
"আমি তার বক্তব্যের সঙ্গে একমত নই। তিনি দেশ ও তার প্রতিষ্ঠানকে অসম্মান করেছেন।"
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার বলেন, "সরকার তাকে বিজনেস ক্লাসের টিকিটের ভাড়া বরাদ্দ দিয়েছে প্রতিষ্ঠান ও দেশের ভাবমূর্তি রক্ষার জন্য। কিন্তু তিনি তা না করে পদের ও দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন।
"এটা অনৈতিক। আর বিজনেস ক্লাসের ভাড়া নিতে তিনি বাধ্যও নন, যা তিনি নিজের বলে দাবি করছেন।"
অন্যরকম পরিস্থিতিতে পড়ে কেউ নির্ধারিত সময়ের বেশি সময় বাইরে অবস্থান করতেই পারে। তবে ফিরোজ যেভাবে হিসাব দাখিল করেছেন, তাতে পুরো বিষয়টি 'পরিকল্পিত' বলেই মনে হয়েছে এই সাবেক সচিবের কাছে।
অবশ্য বিএইসি চেয়ারম্যান ফিরোজ দাবি করেছেন, সরকারি আদেশে তার দেশে ফেরার দিন-তারিখের বিষয়টি 'নমনীয়' ছিলো।
"ওখানে বলাই ছিল যে আমি ২৪ তারিখ বা তার কাছাকাছি কোনো দিন ফিরতে পারি।"
২৪ সেপ্টেম্বরের পর তিনি অন্য একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন দাবি করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/এএচি/জেকে/১৪৩১ ঘ.
bdnews24