২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ থেকে ফেলে স্ত্রীকে হত্যার চেষ্টা

যৌতুকের দাবিতে রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে ফেলে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে ফেলে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রামপুরা বনশ্রীর ডি ব্লকের দুই নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে ফাহমিদা আক্তার সুমাকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামী মুসফিক হাসান অন্তু গাজীপুরে একটি পোশাক কারখানার কর্মকর্তা। অধরা নামে তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। চিকিৎসাধীন সুমা সাংবাদিকদের বলেন, "আমার স্বামী অন্তু ব্যবসার জন্য আমার বাবার কাছ থেকে পাঁচ লাখ নিয়ে আসতে বলে। আমি টাকা চাইতে পারবো না বলতেই আমাকে মারধর শুরু করে। এক পর্যায়ে আমাকে জোর করে ধরে ছাদে নিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে।" ওই মুহূর্তে অন্তুর হাতে কামড় দিয়ে দৌঁড়ে নিজ কক্ষে চলে আসেন বলে জানান সুমা। তিনি বলেন, কিন্তু সেখানে গিয়ে সে আবারো কিলঘুষি মারতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় আমি পালিয়ে এসে প্রাণে রক্ষা পাই। সুমার বাবা রহমত আলী বলেন, "আড়াই বছর আগে বিয়ের সময় অন্তুকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। এরপরও সে আরো পাঁচ লাখ টাকা দাবি করে আসছিলো।" এক বছর আগেও যৌতুকের জন্য সুমাকে মারধর করায় অন্তুর বিরুদ্ধে গুলশান থানায় জিডি করা হয়েছিলো বলে জানান তিনি। অবশ্য সে যাত্রায় মুচলেকা দিয়ে রক্ষা পায় অন্তু। এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি যেহেতু রামপুরা থানা এলাকার তাই বিষয়টি সেখানে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এএল/১৮০৮ ঘ.