ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন অনুযায়ী সব সুবিধা নিশ্চিতের পরই দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিবন্ধক শাহিনুর ইসলাম।
সোমবার সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তিনি সাংবাদিকদের বলেন, "উভয় পক্ষকে যথাযথ ও পর্যাপ্ত সুযোগ দিয়ে সব কার্যক্রম উন্মুক্তভাবে সম্পন্ন করা হয়েছে। আগামীতেও এর ব্যতিক্রম হবে না।"
জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়েই একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হলো। এছাড়া অভিযোগের মুখে রয়েছেন বিএনপি ও জামায়াতের আরো ছয় জন নেতা।
শাহিনুর বলেন, "বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক অপরাধের অভিযোগে কোনো মামলায় কারো বিরুদ্ধে অভিযোগ গঠিত হলো। প্রসিকিউসন পক্ষ শুনানিকালে ৩১টি অপরাধে চার্জ গঠনের প্রস্তাব করলে ট্রাইব্যুনাল সার্বিক পর্যালোচনায় সাঈদীর বিরুদ্ধে মোট ২০টি অভিযোগ গ্রহণ করেছেন।"
"অভিযোগ গঠন মানে এক জনকে দোষী সাব্যস্ত করা নয়। এ পর্যায়ে অভিযুক্তের নির্দোষিতার সমর্থনে যেসব যুক্তি রয়েছে বলে ডিফেন্স মনে করেছেন তা-সহ প্রাসঙ্গিক জুরিসপ্র"ডেন্সিয়াল ডেভেলপমেন্টের বিষয়টি বিচারকালেও উত্থাপন করা যাবে," বলেন তিনি।
ট্রাইব্যুনালের মুখপাত্র বলেন, "আজকের এ আদেশের মাধ্যমে এখন বলা যায়, এ মামলার বিচার শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে ৩০ অক্টোবর।
"ট্রাইব্যুনাল এ পর্যায়ে বিবেচনার আলোকে প্রাথমিকভাবে মনে করেছেন যে কথিত সময়ে, স্থানে ও প্রকারে ১৯৭৩ সালের আইনের ৩ (২) ধারা অনুযায়ী অভিযোগগুলো সংঘটিত হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি এসব অভিযোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে দেখা যায়।"
১৯৭৩ সালের আইন অনুসারে ডিফেন্স প্রস্তুতির জন্য কমপক্ষে ২১ দিন সময় দিয়ে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি ছাড়াই চলার কথা।
শাহিনুর জানান, গত ১৪ জুলাই সাঈদীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ১০ অগাস্ট অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য প্রথম দিন ধার্য করা হয়।
"এভাবে ডিফেন্সকে বক্তব্য উপস্থাপনের সব ও পর্যাপ্ত সুযোগ দিয়ে ২৭ অক্টোবর চার্জ গঠনের জন্য প্রথম ধার্য তারিখের ২ মাস ১৭ দিন পর শুনানি শেষ হয়," বলেন তিনি।
যেহেতু মামলার বিচার শুরু হচ্ছে, তাই এ পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি করে এমন কোনো বক্তব্য না দিতে সবার প্রতি আহ্বান জানান ট্রাইব্যুনালের নিবন্ধক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেটি/এমএইচসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24