ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের সব অভিযোগ 'মিথ্যা' বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।
সোমবার অভিযোগ গঠনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বক্তব্য জানতে চাইলে সাঈদী এ দাবি করেন। ট্রাইব্যুনালে ২০টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়েই একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হলো।
অভিযোগ গঠনের সময় মুক্তিযুদ্ধের পটভুমি ও ইতিহাস তুলে ধরে সুনির্দিষ্ট ২০টি ঘটনা উল্লেখ করে আদালত বলে, প্রতিবেদন অনুযায়ী সাঈদী রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। তার বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, হিন্দুদের জোর করে ধর্মান্তর করানো, লুটতরাজসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব অপরাধ সংঘটিত হয় বরিশাল জেলার তৎকালীন পিরোজপুর মহকুমায়।
অভিযোগগুলো ইংরেজিতে পড়া হলে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম দাঁড়িয়ে তা বাংলায় পড়ার আবেদন করেন।
অভিযোগ বাংলায় পড়ার পর আদালত কাঠগড়ায় দাঁড়ানো সাঈদীকে প্রশ্ন করে- বলুন, আপনি দোষী কি না?
সাঈদী বলেন, "যা বলা হয়েছে, আমি বুঝেছি। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই।"
এ পর্যায়ে আইনজীবীর সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই জানানোর পর তিনি কিছুক্ষণ বক্তব্য দেওয়ার সুযোগ চান আদালতের কাছে। আবেদন গৃহীত হলে প্রায় আট মিনিট বক্তব্য দেন সাঈদী।
সাঈদী বলেন, "আমার বিরুদ্ধে চার সহস্রাধিক পৃষ্ঠার একটি রচনা তৈরি করা হয়েছে। এর প্রতিটি লাইন মিথ্যা, প্রতিটি শব্দ মিথ্যা। এটি সব মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা।"
সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বয়ান দিতে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থাকে লিখতে হয়েছে ৪ হাজার ৭৪ পৃষ্ঠা। ১৫ খণ্ডের একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন 'দেইল্লা রাজাকার' নামে চিনতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচসি/এমআই/১৪৫০ ঘ.
bdnews24