ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মৎস্য ভবনের সামনে বাসের নিচে চাপা পড়ে চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওবায়দুল হক (৩২) নামের ওই শিক্ষক রোববার রাত সাড়ে ৯টার দিকে মৎস্য ভবনের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রিবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার জন্য দায়ী বাস আটক এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওবায়দুল চুয়েটের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি ঢাকায় এলিফ্যান্ট রোডের শেলটেক টাওয়ারের ১০ তলার ১০/১ নম্বর ফ্লাটে থাকতেন। তার এক মেয়ে রয়েছে।
এলিফ্যান্ট রোডের বাসা থেকে সন্ধ্যার পর বের হয়ে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/পিডি/০১০১ ঘ.
bdnews24