২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খুন ধর্ষণসহ ৩২টি ঘটনায় জড়িত ছিলেন সাকা'

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা। তদন্তে ৩২টি সুনির্দিষ্ট ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে- বলেছেন সাকার বিরুদ্ধে ট্রাইবুনালে চলমান মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম। "তার অপরাধের মধ্যে রয়েছে, বেসামরিক নাগরিকদের খুন, অপহরণ, আটকে রাখা, ধর্ষণ, নির্যাতন নিপীড়ন প্রভৃতি।" রোববার দুপুরের পর বেইলি রোডে অবস্থিত তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ট্রাইবুনালকে দেওয়ার জন্য সোমবার ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে দেওয়া হবে বলে জানান তদন্ত সংস্থার সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান। প্রতিবেদনের সঙ্গে প্রায় আট হাজার পৃষ্ঠার তথ্য-উপাত্তও দেওয়া হবে। গোলাম আযমের বিরুদ্ধে তদন্তের প্রতিবেদন এক মাসের মধ্যে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তদন্ত কর্মকর্তা নুরুল বলেন, তিনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বিধিমালা ৩(২)এ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ, ৩(২)বি অনুযায়ী গণহত্যায় সরাসরি অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ৩(২)সি অনুযায়ী এসব কাজ সংগঠনে পরোক্ষভাবে এবং ষড়যন্ত্রে অংশ নিয়েছেন। সাকা চৌধুরীর বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে তিনি বলেন, "সাকার হাতে নিহত ব্যক্তিদের একটি তালিকাও চূড়ান্ত করা হয়েছে।" জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা এম সানাউল হক বলেন, এই প্রতিবেদন দেওয়ার পর নতুন কোনো তথ্য-প্রমাণ পাওয়া গেলে ট্রাইবুনালের অনুমতিক্রমে সেগুলোও আমরা এর সঙ্গে যুক্ত করতে পারবো। তবে নতুন কোনো অভিযোগ আনা যাবে না। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের হয়। তাকে গ্রেপ্তারে গত ১৫ ডিসেম্বর ট্রাইবুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। সাকার আগে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একই ধরণের চার হাজার ৭৪ পৃষ্ঠা সম্বলিত প্রতিবেদন দিয়েছিলো তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের ভিত্তিতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে চার্জ গঠনের শুনানি শেষ করেছে ট্রাইব্যুনাল। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার দিন ধার্য রয়েছে। জামায়াতের পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬াও এ মামলায় কারাগারে রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/পিডি/১৮১১ ঘ.