আজহারসহ ৩২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর দুটি মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ দলের ৩২০ নেতাকর্মীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
একই সঙ্গে ওই দুই মামলায় পলাতক ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেন মহানগর হাকিম এরফান উল্লাহ ও আসাদুজ্জামান নূর।
অভিযোগপত্র গৃহীত হওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ শেখ ও গফফারুল আলম।
দ্রুত বিচার আইনের এ দুটি মামলার মধ্যে রমনা থানার মামলায় ১২০ জনকে আসামি করা হয়েছে। আর পল্টন থানার মালায় আসামি দেখানো হয়েছে ২০০ জনকে। এটিএম আজহারসহ ৮০ জনকে দুই মামলাতেই আসামি করা হয়েছে।
রমনার মামলায় আগামী ২০ অক্টোবর ও পল্টনের মামলায় ১২ অক্টোবরের মধ্যে পরোয়ানা ও মালামাল ক্রোকের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ও বিজয়নগরে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর হয়।
এ ঘটনায় জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাসহ কয়েক শ' লোককে আসামি করে রমনা থানায় ছয়টি এবং পল্টন থানায় দুটি মামলা হয়। ওই সংঘর্ষের পরপরই এ টি এম আজহারুল ও জামায়াতের প্রচার সম্পাদক তাসনীম আলমসহ তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে রমনা থানা মামলার তদন্ত কর্মকর্তা জাফর আলী ও পল্টন থানা মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কমকর্তাদের কার্যালয়ে অভিযোগপত্র দুটি জমা দেন।
