চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলা বা বির্তক সৃষ্টির অবকাশ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
তিনি রোববার বিকালে চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, "মানবতাবিরোধী অপরাধের এ বিচার সব মহলে সব ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকমান বজায় থাকার জন্য সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।"
"যে যাই বলুক, মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন তাদের বিচারে বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং সহসাই বিচার কাজ শুরু হবে।"
এ সরকারের মেয়াদকালেই বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৪০ বছর আগে যারা অপরাধ করেছে সেসমস্ত অপরাধীদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সময় লাগবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ইতিমধ্যে তদন্তকারী দল তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রসিকিউশন টিমের সঙ্গে করণীয় নির্ধারণ করে কাজ করছে।
চট্টগ্রাম জেলা আদালত ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠান শেষে এ সব কথা বলেন তিনি।
শনিবার চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী একে খোন্দকারসহ ফোরামের কেন্দ্রীয় নেতারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় ধীরগতি এবং এ সরকারের মেয়াদে তা শেষ করা নিয়ে সংশয় ও হাতাশা প্রকাশ করেন।
জামায়াতের পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬াও এ মামলায় কারাগারে রয়েছেন। সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন হবে কি না সোমবার সে বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত।
জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মন্ত্রী আদালত ভবন প্রাঙ্গণে 'চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন'র ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আদালতের দৈনিক কার্যতালিকার ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪৮ ঘ.
bdnews24