চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর ৭৮ শতাংশ ভবনই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে এক গবেষণায় তথ্য প্রকাশ হয়েছে।
গবেষণায় বলা হয়, ৪১ ওয়ার্ডের এক লাখ ৮২ হাজার ভবনের মধ্যে এক লাখ ৪২ হাজারই ভূমিকম্প-ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল ও হাসপাতাল ভবন এবং বিদ্যুৎ উপকেন্দ্রগুলো।
৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে এসব ভবন ও বিদ্যুৎকেন্দ্র ধসে বড় ধরণের বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিচালিত 'আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার'র (ইইআরসি) গবেষণায় পাওয়া এ তথ্য এসব তথ্য উঠে এসেছে।
গবেষণার এ তথ্য শনিবার এক কর্মশালায় উপস্থাপন করা হয়।
প্রায় তিন বছরব্যাপী গবেষণাটি করেছেন চুয়েট পুরকৌশল বিভাগের ডিন এবং ইইআরসি'র পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) আয়োজিত 'ভূ-কম্পন প্রতিরোধী ইমারত নির্মাণ : পরিকল্পনা ও বাস্তবায়ন এবং ইমারত বিধিমালা-২০০৮' শিরোনামে এ কর্মশালায় চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত একশ ৫০ জন স্থপতি ও প্রকৌশলী অংশ নেন।
ভবিষ্যতে যেন আর কোনো ঝুঁকিপূর্ণ ভবন গড়ে না ওঠে সে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয় বলে জানান চউক চেয়ারম্যান আবদুচ ছালাম।
তিনি সাংবাদিকদের বলেন, "নগর উন্নয়ন কমিটি নগরীর বিভিন্ন এলাকার নির্মিতব্য ভবনগুলোতে নানা ধরণের ত্র"টি দেখতে পেয়েছেন।
"তাদের সুপারিশের ভিত্তিতে সচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন।"
ঝুঁকিতে স্কুল ও হাসপাতাল ভবন
চুয়েট পরিচালিত গবেষণায় দেখা গেছে, নগরীর ৪১ ওয়ার্ডে মোট এক হাজার ৩৩টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ৮ দশমিক ৫ রিখটার স্কেলের ভূমিকম্প হলে এসব বিদ্যালয়ের মধ্যে সাতশ ৩৯টি পুরোপুরি ধ্বংস হবে।
ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকায় চট্টগ্রাম কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাই স্কুল (পুরাতন), নাসিরাবাদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ, নন্দনকাননের পাহাড়িকা উচ্চ বালিকা বিদ্যালয়সহ নামকরা বিদ্যালয়গুলো রয়েছে।
এ বিষয়ে ড. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবকাঠামো হিসেবে আবাসিক ভবনের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানকে দেড় গুণ বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ এখানে ক্লাস চলাকালীন আবাসিক ভবনের চেয়ে বেশি মানুষের উপস্থিতি থাকে।"
"কন্তু নগরীর অধিকাংশ বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে বিল্ডিং কোড না মেনে এবং আবাসিক ভবনের আদলে।"
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভবন ছাড়া নগরীর অন্যসব হাসপাতাল ভবনই ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে জানান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
হাসপাতাল হিসেবে আবাসিক ভবনের ব্যবহারের কারণে এ ঝুঁকি উল্লেখ করে এ গবেষক বলেন, "আবাসিক এবং হাসপাতাল ভবনের নির্মাণের নকশা এক নয়। কিন্তু নগরীতে অধিকাংশ হাসপাতাল নির্মাণ করা হয়েছে আবাসিক ভবনের আদলে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলো বেশিরভাগই আবাসিক ভবনে।"
নগরীর ৪১টি ওয়ার্ডে ১৩ বিদ্যুৎ উপকেন্দ্রের মধ্যে আটটিই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে ওই গবেষণায়।
ড. জাহাঙ্গীর বলেন, "৮ মাত্রার ভূমিকম্পে যে কোনো সময় এসব বিদ্যুৎকেন্দ্র ধসে দুর্যোগ দেখা দিতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১২০ ঘ.
bdnews24