ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের সফরে রোববার ঢাকা আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী।
রোববার সকাল সাড়ে ৮টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী রুশনারা ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের আমন্ত্রণে এ সফরে আসছেন বলে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশে তিনি অক্সফামের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীতে একটি হোটেলে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। পরদিন সিরডাপ মিলনায়তনে 'এক্সপেক্টেশন্স ফ্রম ডারবান: ইউকে অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ' শিরোনামে এক সংলাপে অংশ নেবেন।
বেলা ২টায় শুরু হতে যাওয়া ওই সংলাপে প্রধান অতিথি থাকবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ- বলা হয় বিজ্ঞপ্তিতে।
আগামী ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের প্রেক্ষিতে এ সংলাপ হবে।
ইউরোপিয়ান কমিশনের সহযোগিতায় এ সংলাপ আয়োজন করছে অক্সফাম এবং ক্যাম্পেইন ফর সাসটেইন্যাবল রুরাল লাইভলিহুডস (সিএসআরএল)। এতে সভাপতিত্ব করবেন সিএসআরএলের আহ্বায়ক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএস করিম।
বুধবার জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে আরেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রুশনারা আলীর। অক্সফাম প্রকাশিত 'টেস্টিমনি অব সিক্সটি'র ৪০ বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান হওয়ার কথা। ৬০ জন বিশিষ্ট ব্যক্তির বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে 'টেস্টিমনি অব সিক্সটি' প্রকাশ হয় ১৯৭১ সালে।
লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বাও থেকে লেবার পার্টির হয়ে ২০১০ সালে এমপি নির্বাচিত হন রুশনারা আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএন/পিডি/২০২০ ঘ.
bdnews24