ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের চিকিৎসা নিতে নিউ ইয়র্কে অবস্থানরত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে তার বাসায় গিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী মঙ্গলবার লেখকের লং আইল্যান্ডের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
হুমায়ূন তার চিকিৎসার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে জানান অর্থমন্ত্রীকে।
এ সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং 'অন্য প্রকাশ'এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "মন্ত্রীর মাধ্যমে দেশবাসীর কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।"
বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন সেখানে ক্যান্সারের বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান মেমোরিয়াল স্লোয়ান- কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।
উন্নত চিকিৎসার জন্য গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান তিনি। গত শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে প্রথম পর্বের কেমোথেরাপি শেষ হয়।
চলতি মাসের শুরুর দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বৃহদান্ত্রে ক্যান্সার ধরা পড়ে জনপ্রিয় এই লেখকের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৮৫১ ঘ.
bdnews24