২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন বাড়িতে ডাকাতি, আহত ৫

সাভারের আশুলিয়ার নয়ারহাট পালপাড়ায় শুক্রবার গভীর রাতে পরপর তিন বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

সাভার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার নয়ারহাট পালপাড়ায় শুক্রবার গভীর রাতে পরপর তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়। আহতরা হলেন মহর কাজী, তার দুই ছেলে, স্থানীয় একটি পোশাক কারখানার দুই নৈশ প্রহরী ও স্থানীয় নিরঞ্জন সরকারের স্ত্রী। এরমধ্যে ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই নৈশ প্রহরী কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মহর কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুব বেশি গরম হওয়ায় রাত ২টার দিকে তিনি ঘর থেকে বের হলে ২৫/৩০ জন ডাকাত তাকেসহ তার দুই ছেলেকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে মারধর করে। এরপর ঘরে ঢুকে মুল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় পাশের নূরজাহান ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার দুই নৈশ প্রহরী এগিয়ে এলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মহর কাজী আরো জানান, পরে ডাকাতদের একটি অংশ পাশের গৌরপালের বাড়ির ভাড়াটিয়া দুলাল মজুমদারের ঘরে ঢোকে দরজা ভেঙে। তাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ব্যবসায়ী দুলাল মজুমদার জানান, ৭/৮ জন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে সিন্দুক ভেঙে নগদ ৬০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এরপর তারা পাশের ভাড়াটিয়া শিক্ষক নিরঞ্জন সরকারের ঘরে ডাকাতি করে। নিরঞ্জন সরকার জানান, ডাকাতরা তার স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে নেয়। এছাড়া মোবাইল ফোন সেটসহ আরো বেশকিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে ডাকাত দল বংশী নদীতে একটি ট্রলারে উঠে পালিয়ে যায়, জানান প্রত্যক্ষদর্শীরা। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে ফিরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান জানান, ডাকাতির ঘটনায় একনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এদিকে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল দাবি করেন, কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। কয়েকজন চোর ওই বাড়িতে ঢুকেছিল। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ ডাকাতির কথা স্বীকার করেছে জানালে তিনি কোনো কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.