২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণদের 'বোঝা' না ভেবে মূল্যায়নের দাবি

জীবনের স্বাভাবিক প্রক্রিয়ায় সবাইকে একদিন বুড়ো হতে হয়- বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রবীণদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন প্রবীণরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনের স্বাভাবিক প্রক্রিয়ায় সবাইকে একদিন বুড়ো হতে হয়- বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রবীণদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন প্রবীণরা। প্রবীণদের সমাজের 'বোঝা' হিসেবে না দেখে তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছে প্রবীণরা। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত প্রবীণরা বলেন, "বার্ধক্য জীবনের বাস্তবতা- এ সত্যকে অস্বীকার করার উপায় নেই। বেঁচে থাকলে সবাইকে বুড়ো হতে হয়। তবে সমাজে এসব ব্যক্তিদের বোঝা হিসেবে দেখা হয় যা দুঃখজনক।" সাবেক অতিরিক্ত সচিব মোতহার হোসেন প্রবীণদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে বলেন, "আমার বয়স এখন ৭৫ বছর। দুই ছেলে তাদের স্ত্রীসহ বিদেশি থাকে। আমি দেশে পড়ে আছি। তাদের কাছে যেতে ইচ্ছে করে না।" কিছুক্ষণ থেমে আবার বক্তব্য শুরু করে তিনি বলেন, "কয়েক বছর আগে আমার এক পরিচিতজন বিদেশে তার ছেলের কাছে বেড়াতে গিয়েছিলো। তখন তার ছেলের স্ত্রী অভিযোগ করেছিলো- তোমার বাবা বড্ড জোরে কাশি দেয়। "এরপর সেখান থেকে মনের কষ্টে চলে আসে। এ কষ্ট তাকে চরম আঘাত দেয়।" আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মিঞা বলেন, "দেশে বর্তমান জনসংখ্যা প্রায় ১৫ কোটি এবং এর মধ্যে ৬০ বা তদূর্ধ্ব জনসংখ্যা ৯০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ।" তিনি বলেন, "বয়ষ্কদের অনেকেই পরিবারের ওপর নির্ভরশীল। তাই এদের সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এসব লোকদের পুনর্বাসন ও কল্যাণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়ার আহ্বান জানাচ্ছি।" বয়োজ্যেষ্ঠদের প্রাপ্য অধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও এ বিষয়ে সমাজের অন্যদের সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ১ অক্টোবর বিশ্বজুড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, "প্রবীণদের সমস্যা নিরসনে সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আজকের নবীনরাই আগামীদের প্রবীণ, এ বিষয়টি অনুধাবন করতে পারলেই প্রবীণদের যথাযথ মূল্যায়ন করা সহজ হবে।" এএস ফাউণ্ডেশন নামে একটি সংগঠনের আয়োজনে এ সভায় আরো বক্তব্য দেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সংগঠনের সভাপতি এ কে এম শফিকুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮০১ ঘ.