গাইবান্ধা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ী উপজেলা সদরের অদূরে ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত এখলাছুর রহমান (১৪) পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। সে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের আবুল হোসেন ওরফে নয়া মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখলাছ শিক্ষকের কাছে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে পলাশবাড়ী আসছিলো। পথে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ট্রাকটি সনাক্ত করা যায়নি। লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪০ ঘ.
bdnews24