ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে চাহিদার তুলনায় সরবরাহে দৈনিক গড়ে প্রায় ২০কোটি লিটার পানি ঘাটতি থাকবে।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিন এ খান।
'শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতকরণে ঢাকা ওয়াসার প্রস্তুতি: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়' শীর্ষক এ সভার আয়োজন করে ঢাকা ওয়াসা।
তাকসিন এ খান বলেন, ঢাকা মহানগরীর লোকসংখ্যা দ্রুত বাড়ার পাশাপাশি পানির চাহিদাও বাড়ছে। পানির এই ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখে ওয়াসা পানির উৎপাদন বাড়ানোর কিছু পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, "বর্তমানে ঢাকা ওয়াসা ৫৭২টি গভীর নলকূপ এবং ৪টি পানি শোধনাগারের মাধ্যমে দৈনিক ২১০-২৩০ কোটি লিটার চাহিদার বিপরীতে গড়ে ২০৬ কোটি লিটার পানি উৎপাদন করছে।"
সেই হিসেবে প্রায় ২০ কোটি লিটার পানি ঘাটতি থাকবে বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
এর মধ্যে ৮৭ শতাংশ পানি ভূ-গর্ভস্থ এবং অবশিষ্ট ১৩ শতাংশ ভূ-পৃষ্ঠের উৎস থেকে উৎপাদন হয়ে থাকে।
শুষ্ক মৌসুমে (মধ্য ফেব্র"য়ারি- মধ্য মে পর্যন্ত) রাজধানীতে কয়েকটি কারণে পানি সরবরাহে ঘাটতি থাকে উল্লেখ করে ওয়াসার এ কর্মকর্তা বলেন, উত্তোলনের তুলনায় রি-চার্জ কম হওয়ায় ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নীচে নেমে যাচ্ছে। ফলে নলকূপগুলোতে পানির উৎপাদন কমে যায়। বিদ্যুত বিভ্রাটের কারণে গভীর নলকূপগুলো ২৪ ঘন্টা চালু রাখা সম্ভব হয় না। জেনারেটর দিয়ে অবিরাম পাম্প চালানোও সম্ভব নয় বলে পানির উৎপাদন কমে যায়। এছাড়া ওই সময় পানির চাহিদা ও ব্যবহার বেড়ে যায়।
ওয়াসার পানিতে দুর্গন্ধ কেন- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিতে দূষণ বৃদ্ধি পায়। নদীর এই দূষিত পানি শোধন করতে পানি শোধনাগারগুলোতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। ফলে ওই রাসায়নিকের গন্ধ পানিতে থেকে যায়।
তবে এ পানি জীবাণুমুক্ত ও পানের উপযোগী বলে দাবি করেন ঢাকা ওয়াসার এমডি।
তিনি আরো জানান, রাজধানীতে শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবেলায় গত বছরের জুলাই থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ২৬ টি (৮টি নতুন এবং ১৮টি প্রতিস্থাপন) গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
এতে দৈনিক প্রায় ৭ কোটি লিটার পানি উৎপাদন বেড়েছে।
এছাড়া বর্তমানে ১৬টি (৭টি নতুন এবং ৯টি প্রতিস্থাপন) গভীর নলকূপ স্থাপনের কাজ এগিয়ে চলেছে।
ওইসব গভীর নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হলে দৈনিক প্রায় সাড়ে ৪ কোটি লিটার পানি উৎপাদন বাড়বে।
লোডশেডিংয়ের সময় পানি উৎপাদন অব্যাহত রাখতে মোট ৫৭২টি পাম্প স্টেশনের মধ্যে ২৩৩টি পাম্প স্টেশনে স্থায়ী জেনারেটর স্থাপন করা হয়েছে।
পাশাপাশি জরুরি ব্যবহারের জন্য ৬০টি ভ্রাম্যমাণ (মোবাইল) জেনারেটর রয়েছে।
এছাড়া জরুরি অবস্থা মোকাবেলায় ৩৬টি পানির গাড়ি, ১৬টি ট্রাক্টর এবং ২৮টি ট্রলি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আরো ৫টি পানির গাড়ি এবং ৫টি ট্রাক্টর কেনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
পানির অপচয় রোধকল্পে জনসচেতনতা বাড়াতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হবে।
শুস্ক মৌসুমে ঢাকা ওয়াসা তার কার্যক্রম গণমাধ্যমে প্রচার করবে জানান তাকসিন এ খান।
সভায় ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৮০০ ঘ.
bdnews24