২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের গোপন বিচার দণ্ডপ্রাপ্ত আরো চারজনের রিট আবেদন

কর্নেল তাহেরের সঙ্গে গোপন বিচারে দণ্ডাদেশপ্রাপ্ত আরো চারজন সেই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের সঙ্গে গোপন বিচারে দণ্ডাদেশপ্রাপ্ত আরো চারজন সেই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন। এরা হলেন- অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আব্দুল হাই মজুমদার, কর্পোরাল আব্দুল মজিদ ও শামসুল হক। তাদের পক্ষে অ্যাডভোকেট শাহদীন মালিক সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনে বেঞ্চে এ আবেদন করেন। আদালত মঙ্গলবার ওই রিট আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছে। অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট আবেদনে গোপন বিচারের জন্য গঠন করা সামরিক আদালত অবৈধ ঘোষণা এবং তাদের দণ্ড বাতিলের আবেদন করা হয়েছে।" সামরিক আদালতে তাহেরের গোপন বিচারের ঘটনায় এ নিয়ে মোট তিনটি রিট আবেদন হলো। এর আগে গত ২৫ জানুয়ারি জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সহ-সভাপতি রবিউল আলম সামরিক আদালতের বিচার অবৈধ ঘোষণা এবং হারানো সামাজিক সম্মান ফিরে পাওয়ার দাবিতে একটি রিট আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আবেদনকারীদের বিচার ও দণ্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চায় হাইকোর্ট। একইসঙ্গে ওই বিশেষ আদালত গঠন, বিচারক নিয়োগ, বিচার কেন অবৈধ ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোর রাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে প্রথম রিট আবেদনটি করেন। তাদের আবেদনের পর হাইকোর্ট সেই গোপন বিচারের নথি তলব করে। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেবি/আরএ/জেকে/১৭৫৪ ঘ.