ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের ভাগ্নেকে কুপিয়ে আহত করে তার গাড়ি ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত মধ্যরাত ১টার দিকে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে এ ঘটনা ঘটে।
এ সময় সন্ত্রাসীদের চাপাতির আঘাতে আহত হয় মন্ত্রীর ভাগ্নে ইভান আহমেদ (২৫) ও মন্ত্রীর ভাইয়ের গাড়িচালক দুলাল শিকদার (২৪)। তাদেরকে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইভান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরা সাত নম্বর সেক্টর থেকে তারা লালমাটিয়ার সি ব্লকে নতুন বাসায় উঠছিলেন।
তিনি বলেন, "মাইক্রোবাসে মালামাল নিয়ে আমরা লালমাটিয়া পৌঁছাই। রাত ১টার দিকে পাঁচ-ছয় জনের একটি সন্ত্রাসী দল একটি প্রাইভেট কারে করে এসে চাপাতি দিয়ে আমার হাতে আঘাত করে। আর দুলালকে গুলি করে।"
কিছুদিন আগে ৩৬ লাখ ৫০ হাজার টাকায় মাইক্রেবাসটি কেনা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ঘটনাটি মোহম্মদপুর থানায় জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/কেএমএস/১৪২১ ঘ.
bdnews24