২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহান মণি: মুক্তিপণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য

জাহান মণির নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দেওয়ায় সাহায্য নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এক্ষেত্রে মালিকপক্ষ সাহায্য চেয়েছে- সরকার এ কথা বললেও মালিকপক্ষ তা অস্বীকার করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

মহসীনুল করিম ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহান মণির নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দেওয়ায় সাহায্য নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এক্ষেত্রে মালিকপক্ষ সাহায্য চেয়েছে- সরকার এ কথা বললেও মালিকপক্ষ তা অস্বীকার করছে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিক কর্তৃপক্ষ নাবিক ও জাহাজটি উদ্ধারে প্রথম থেকেই সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছে। তবে জাহান মণির মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়াল শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম সরকারের সহায়তা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরে বাংলাদেশের ২৫ জন নাবিক এবং জাহাজের প্রধান প্রকৌশলীর স্ত্রীসহ জাহান মণি নামের জাহাজটি ছিনতাই করে সোমালি জলদস্যুরা। তারা জাহাজটিকে সোমালিয়ার সমুদ্র-সীমায় আটক রেখেছে। সরকারি সাহায্য নিয়ে দোটানা জাহাজ ও নাবিকদের ছেড়ে দেওয়ার বিনিময়ে সোমালি জলদস্যুরা প্রায় সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন আটকে পড়া নাবিকদের পরিবারের সদস্যরা। তবে জাহান মণির মালিকরা মুক্তিপণ বিষয়ে কিছু বলছেন না। বজলুর রহমান বলেন, "বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বৈঠকে ও লিখিতভাবে তারা [জাহান মণির মালিকপক্ষ] কয়েকবারই এ সহায়তা চেয়েছেন।" সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, "সরকার সরাসরি এমন তৎপরতায় জড়াতে পারে না। দস্যুরা সরকারের সঙ্গে আলোচনাও করবে না। "এটা মালিকদের মাধ্যমে আলোচনা করেই সমাধান করতে হবে।" ব্রেভ রয়াল শিপিংয়ে মহাব্যবস্থাপক বলেছেন, "এ ধরণের সহায়তা চাওয়ার কোনো খবর আমার জানা নেই। আমরা কোনো সহায়তা চাইনি। "জাহাজ ও নাবিকদের উদ্ধারে যত অর্থই লাগুক, তা আমাদেরই দিতে হবে। এজন্য আমরা তাদের সঙ্গে কথা বলছি। সর্বশেষ শনিবার রাতেও দস্যুদের সঙ্গে কথা হয়েছে।" মালিকপক্ষের বিরুদ্ধে অভিযোগ নাবিক পরিবারের প্রায় দু'মাস ধরে জাহান মণি ছিনতাইয়ের সঙ্গে জড়িত সোমালি জলদস্যুদের সঙ্গে যোগাযোগের কথা জানালেও উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে পারেননি মালিকপক্ষ। এ নিয়ে জাহাজে আটক নাবিকদের পরিবারে হতাশা দেখা দিয়েছে। জাহান মণিতে আটক চার নাবিকের পরিবারের সঙ্গে রোববার জাহাজ মালিকপক্ষের অসৌজন্যমূলক আচরণের অভিযোগও পাওয়া গেছে। জাহাজের ডেক ক্যাডেট শাহরিয়ার রহমানের মা বিলকিস রহমান মালিকদের সঙ্গে বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার জিম্মি চার নাবিকের পরিবার থেকে মালিকদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়। এ সময় মালিকদের স্থবির উদ্ধার তৎপরতা নিয়ে হতাশা প্রকাশ করা হয়। একপর্যায়ে দু'পক্ষের মধ্যে বাক-বিতণ্ডাও হয়। মালিকরা তাদের জানান, জলদস্যুদের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে। শনিবার রাতেও এ নিয়ে কথা হয়েছে। মুক্তিপণের বিষয়ে তাদের সঙ্গে দর-কষাকষি হচ্ছে। আলোচনার মাধ্যমে শিগগির সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২১১ ঘ.