ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন জেলায় রোববার সড়ক দুর্ঘটনায় তিন পরিবারের দুই দম্পতিসহ সাতজনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে মাগুরার শ্রীপুর উপজেলায় নিহত হন মো. মতিয়ার রহমান (৪৮), তার স্ত্রী ফরিদা বেগম (৪৩)। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিহত হন ইউনুস আলী (৫৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৪৪)।
ফরিদপুরের মধুখালীতে মারা যান স্কুল শিক্ষিকা ময়নুন নাহার (৩৫), তার মেয়ে মৌমিতা (১৪) ও ছেলে রাফিউল ইসলাম (৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাগুরা প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামে বালিভর্তি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকলে আরোহী মতিয়ার রহমান ও তার স্ত্রী।
শ্রীপুর থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসিরুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে হোগলডাঙ্গা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মতিয়ার ও তার স্ত্রী ফরিদা মোটরসাইকেলে শশুরবাড়ি হোগলডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন।
পুলিশ ট্রাকটিকে আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
ময়দাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, রাণীশংকৈল উপজেলার বলিদ্বারায় বাস চাপায় নিহত হন আরেক দম্পতি।
রাণীশংকৈল থানার ওসি জাহেদুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে ঠাকুরগাঁও থেকে হরিপুরগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ইউনুস নিহত হন। স্ত্রী ফাতেমা মারা যান রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে।
তারা হরিপুরের মেয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে পীরগঞ্জ ফিরছিলেন বলে পুলিশ জানায়।
চালক সামসুদ্দিন ও সহকারী কামাল হোসেনসহ বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় মামলা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার মাঝিবাড়ি এলাকায় নিহত হন মধুখালীর বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ময়নুন নাহার ও তার দুই সন্তান।
আহত হন ময়মুনের স্বামী মাসুম মোল্লা (৪৫) ও দেবর মিলন মোল্লা (৪০)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি মধুখালীর বাগাট এলাকায়।
করিমপুর হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হানিফ মিয়া বলেন, মধুখালীর কামারখালী থেকে যাত্রী নিয়ে একটি গ্রামবাংলা অটোভ্যান বাগাট যাচ্ছিল। পথে মাঝিবাড়ি এলে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মা ও ছেলে এবং হাসপাতালে নেওয়ার পথে মেয়ে মারা যায়। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০৮ ঘ.
bdnews24