২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর জিহ্বা কেটে নেওয়ার চেষ্টা

শ্লীলতাহানি করতে ব্যর্থ হয়ে বরগুনার বেতাগী উপজেলায় গৃহবধূর জিহ্বা কেটে নেওয়ার চেষ্টা করেছে এক দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

বরগুনা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্লীলতাহানি করতে ব্যর্থ হয়ে বরগুনার বেতাগী উপজেলায় গৃহবধূর জিহ্বা কেটে নেওয়ার চেষ্টা করেছে এক দুর্বৃত্ত। উপজেলার দক্ষিণ বেতাগী গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ অভিযুক্ত শাহজালালকে (২৫) গ্রেপ্তার করেছে। আহত গৃহবধূকে (২০) বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার বিকালে বেতাগী থানায় একটি মামলা করেছেন ওই গৃহবধূর মা জাহানারা বেগম। জাহানারা বেগম সাংবাদিকদের বলেন, তার মেয়ে বেতাগী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গত দু'বছর ধরে প্রতিবেশী আবদুল গনি হাওলাদারের ছেলে শাহজালাল দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বছরখানেক আগে উপজেলার রানীপুর গ্রামে মেয়ের বিয়ে দেন। কয়েকদিন আগে মেয়ে তাদের বাড়ি বেড়াতে এলে শাহজালাল তাদের বাড়ি ঢুকে তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শনিবার রাতে আবারো একই চেষ্টা করে ব্যর্থ হলে মেয়েটির জিহ্বা কেটে নেওয়ার চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে কোপায়। তাকে মারধরও করে। পরে পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ শাহজালালকে গ্রেপ্তার করে। শাহজালাল গ্রেপ্তার হওয়ার পর তাদের পরিবারের লোকজনকে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া ফারুকি বলেন, আহত গৃহবধূর জিহ্বায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। তার মাথায় কোপের আঘাত রয়েছে। নাক থেঁতলে গেছে। বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩২ ঘ.