২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলানী হত্যা নিয়ে রিট আবেদন খারিজ

কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যা প্রতিরোধে ব্যর্থদের চিহ্নিত করতে দায়ের করা রিট আবেদন 'উপস্থাপিত হয়নি' উল্লেখ করে খারিজ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যা প্রতিরোধে ব্যর্থদের চিহ্নিত করতে দায়ের করা রিট আবেদন 'উপস্থাপিত হয়নি' উল্লেখ করে খারিজ করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট আবেদনটির ওপর শুনানি শেষে হাইকোর্ট ইতিবাচক নির্দেশনা দিতে রাজি না হওয়ায় আমরা 'উপস্থাপিত হয়নি' মর্মে খারিজের আবেদন করি। এরপর আদালত তা খারিজ করে দেয়।" তিনি বলেন, "রায় দেওয়ার মাধ্যমে আবেদনটি খারিজ করলে এ বিষয়ে ভবিষ্যতে হাইকোর্টে রিট করার পথ বন্ধ হয়ে যেতো। তাই আমরা 'উপস্থাপিত হয়নি' মর্মে খারিজের আবেদন করেছি।" গত ১৭ জানুয়ারি ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস এ রিট আবেদন করে। তাদের আবেদনে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে পদক্ষেপ নিতে এবং ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়। আবেদনে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্রসচিব, বিডিআর মহাপরিচালক, বাহিনীর রংপুরের সেক্টর কমান্ডার ও ২৭ ব্যাটালিয়নের অধিনায়ককে প্রতিপক্ষ করা হয়। গত ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় কাঁটাতারের বেড়ায় আটকে পড়া ফেলানীকে গুলি চালিয়ে হত্যা করে ভারতের সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬৫৫ ঘ.