রংপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে দেবরকে বিয়ে করায় 'সালিশী নির্যাতনের' শিকার এক বিধবা গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুরের মিঠাপুকুর উপজেলার হাসানের পাড়া গ্রামে 'সালিশী নির্যাতনের' শিকার হয়ে আত্মহত্যাকারী ওই গৃহবধূর নাম শেফালী রানী। গত বৃহস্পতিবার নির্যাতনের শিকার হয়ে ওই রাতেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
শেফালীর ভাই বিপুল চন্দ্র কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। শেফালীর শ্বশুর বিনোদ চন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের জগেশ চন্দ্রের মেয়ে শেফালী রানীর সঙ্গে ১১ বছর আগে বিনোদ চন্দ্রের বড় ছেলে পুলিন চন্দ্রের বিয়ে হয়। তাদের ১০ বছরের একটি ছেলে রয়েছে।
প্রায় ৭ বছর আগে পুলিন মারা যান। এর পর থেকে শেফালী সন্তানসহ শ্বশুর বাড়িতেই থাকতেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ছয় মাস আগে দেবর মৃনাল চন্দ্রকে গোপনে স্থানীয় একটি মন্দিরে মালা বদল করে বিয়ে করেন শেফালী। তাদের মধ্যে প্রেম ছিল।
বৃহস্পতিবার বিনোদ চন্দ্র এ জন্য 'সালিশ' ডেকে শেফালীকে দোষী স্যাবস্ত করেন। পরে তার মাথার চুল কেটে ন্যাড়া করে মুখে চুনকালি লাগিয়ে ও গলায় জুতার মালা পড়িয়ে পুরো গ্রাম ঘোরানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাতে শেফালীর লাশ উদ্ধার করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/২০২৭ ঘ.
bdnews24