২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

বরগুনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে আবদুল খালেক হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

বরগুনা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে আবদুল খালেক হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। র‌্যাব বলছে, নিহত খালেক একটি ডাকাত দলের সর্দার। তার বাড়ি উপজেলার বদরখালী গ্রামে। র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক কাজী শামসের উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গভীর রাতে আবদুল খালেকসহ ৫/৬ জন ডাকাত গৌরীচন্না বাজার থেকে হেঁটে যাওয়ার সময় র‌্যাব তাদের দাঁড়াতে বলে। এ সময় তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আবদুল খালেক গুলিবিদ্ধ হন। তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, খালেকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি এলজি, দুটি রামদা, একটি ছোরা, তিনটি বন্দুকের গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয় বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদল মৃধা বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, "এ ঘটনায় র‌্যাবের ডিএডি শফিকুল আলম শনিবার বিকেলে বরগুনা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৮৩০ ঘ.